নন্দীগ্রাম নিয়ে ধোঁয়াশা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসনের ফল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১২০০ ভোটে জিতেছেন মমতা। কিন্তু পরে আনন্দবাজার পত্রিকার কাছে শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি জয়ী হয়েছেন।

আনন্দবাজার পত্রিকা জানায়, সার্ভারের ত্রুটির জেরে দুপুরে এমনিতেই চল্লিশ মিনিট ভোটগণনা বন্ধ ছিল সেখানে। তবে কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে আনন্দবাজার ডিজিটালকে ফোনে শুভেন্দু বলেন, ১৬২২ ভোটে জিতেছি আমি। যদিও পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুর জয়ের ব্যবধান ৯ হাজার ৭৮৭ ভোটের।

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মমতা নিজেও জয়ী হওয়ার দাবি করেননি। তিনি বলেছেন, নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুট হয়েছে। আদালতে যাবো আমরা।

তবে নিজে হারলেও দলের জয়ের জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা। তিনি বলেন, বাংলার জয়ের জন্য সবাইকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়। বাংলা আজ ভারতকে বাঁচিয়েছে।

নন্দীগ্রামের মানুষ যা করেছেন, ভালো করেছেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ফলাফল নিয়ে এই বিভ্রান্তির বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা। তার অভিযোগ, আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে।