পশ্চিমবঙ্গে নারদা কেলেংকারির মামলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের চার নেতার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। তবে তাদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে আদালত।
গত সোমবার নারদা মামলায় গ্রেফতার করা হয় কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে।
শুক্রবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। অন্তর্বর্তী জামিন নিয়ে সেখানে দুই বিচারপতির মধ্যে মতভেদ তৈরি হয়। অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করলেও এই সিদ্ধান্তের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই অর্ডার নিয়ে ব্যাপক তর্কাতর্কি চলে। অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর নিয়ে জটিলতা তৈরি হয়।
অভিযুক্তদের আইনজীবী বলেন, অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে ৪ নেতাকে মুক্তি দেওয়া উচিত। তারা মন্ত্রী, বিধায়ক। বিমানে করে কোথাও পালিয়ে যাওয়ার ঝুঁকি বা সম্ভাবনা নেই। তদন্তে সহযোগিতা না করার কোনও অভিযোগও আসেনি।
এরপরেই নির্দেশ দেওয়া হয় জেল হেফাজত থেকে মুক্তি পেলেও আপাতত গৃহবন্দিই থাকতে বলে চার হেভিওয়েটকে। নতুন বেঞ্চ তৈরি না হওয়া পর্যন্ত গৃহবন্দিই থাকতে হবে তাদের।