করোনাভাইরাসের মহামারির কারণে গত বছর বাতিল করা হলেও এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তিন ঘণ্টার বদলে এবার দেড়ঘণ্টার পরীক্ষা হবে বলেও জানান তিনি।
করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের অনিশ্চয়তার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানেই এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাড়ির কাছে নিজের স্কুলে পরীক্ষার আসন পড়লে যানবাহনে চড়ে যেতে হবে না ছাত্রছাত্রীদের।’ এতে সংক্রমণের ঝুঁকি কমবে বলে জানান তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বছর ১২ লাখের বেশি শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। এ বছর মাধ্যমিকের সাতটি আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। আর ঐচ্ছিক বিষয়গুলোর নম্বর নিজ নিজ প্রতিষ্ঠান দেবে বলে জানান মুখ্যমন্ত্রী।
পরীক্ষার সময় কমানোর ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘তিন ঘণ্টার পরীক্ষা হলে যতগুলো প্রশ্নের উত্তর দিতে হতো, দেড় ঘণ্টার পরীক্ষা হওয়ায় উত্তর দিতে হবে তার অর্ধেক।’ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ের যত কম পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। ভবিষ্যতে এ ব্যাপারে আরও বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন নেওয়া হবে তাও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন কলেজে ভর্তির ব্যাপার থাকে। তাই ওই পরীক্ষা আগে নেবো। মাধ্যমিক তো আমাদের ঘরের ব্যাপার। তাই ওটা পরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’