জমিয়ত উলামা-ই-হিন্দের নতুন প্রেসিডেন্ট মাওলানা মাহমুদ

ভারতের দেওবন্দি আলেমদের অন্যতম শীর্ষ সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দের অন্তবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদ মাদানি। এর আগে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। তার শুন্য স্থানে নতুন সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা হাকিমুদ্দিন কাসেমি।

জমিয়ত উলামা-ই-হিন্দের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ওসমান মনসুরপুরির মৃত্যুর পর সংগঠনের শীর্ষ পদটি খালি হয়। তা পূরণ করতে বৃহস্পতিবার দিল্লিতে সংগঠনের সদর দফতরের মাদানি হলে শুরু হয় সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠক। দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য হযরত মাওলানা রহমতউল্লাহ সাহেব কাশ্মিরির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই বৈঠক।

কার্যনির্বাহী কমিটির বৈঠকে নতুন প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক নির্বাচনের পাশাপাশি ফিলিস্তিন ও মসজিদ আল-আকসার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। এতে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে ভারতের বর্তমান অবস্থানে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলকে আন্তর্জাতিক যুদ্ধ আদালতে বিচারের মুখোমুখি করার দাবি করা হয়।