তোমারও করোনা হোক, পুত্রবধূকে জড়িয়ে ধরে কোভিড আক্রান্ত শাশুড়ি

করোনা হয়েছে। তাই বাড়িতেই নিভৃতবাসে ছিলেন শাশুড়ি। স্বাভাবিকভাবেই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, কেউ তার ঘরের চৌকাঠ পেরোননি। বাইরে রেখে দেওয়া খাবার খেতে হচ্ছিল রোজ। কিন্তু ভরা সংসারে একা ঘরে থাকতে থাকতে মন খারাপ করছিল ওই নারীর। থাকতে না পেরে একদিন সটান তিনি চলে গেলেন বউমার কাছে। বললেন, ‘আমি মরে গেলে তোমরা ভালো থাকতে চাও?’ বলেই জাপটে ধরলেন পুত্রবধূকে।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রজান্যা জেলার থিমাপুর গ্রামের এ ঘটনা অবাক করে দিয়েছে সবাইকে। ২০ বছরের পুত্রবধূ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েক দিন আগে করোনা হওয়ায় শাশুড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে চলছিলেন পরিবারের সবাই। কিন্তু শাশুড়ির বিষয়টা পছন্দ হয়নি। তাই তাকে জড়িয়ে ধরে শাশুড়ি বলেছেন, ‘তোমারও করোনা হোক।’

এ ঘটনার পর ছেলে-পুত্রবধূ মিলে বাড়ি থেকে বের করে অন্যত্র পাঠিয়ে দেয় শাশুড়িকে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। কয়েক দিন পরই পরীক্ষা করে দেখা যায়, ওই নারীর পুত্রবধূও করোনা পজিটিভ। সূত্র: আনন্দবাজার।