ভারতের হরিয়ানা রাজ্যের ফতেহাবাদ জেলায় রবিবার এক অস্বাভাবিক প্রতিবাদ দেখা গেছে। দুই কৃষককে আটকের প্রতিবাদে থানায় গরু নিয়ে গিয়ে অবরোধ করেন অন্য কৃষকেরা। পরে রবিবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন ওই দুই কৃষক। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় এক এমএলএ’র বাড়ি ঘেরাওয়ের অভিযোগে গত বুধবার আটক করা হয় ওই দুই কৃষককে। তাদের মুক্তির বিষয়ে জেলা প্রশাসন ও কৃষক নেতাদের মধ্যে রবিবার দীর্ঘ বৈঠক হলেও কোনও সমঝোতা হয়নি। পরে হরিয়ানার প্রখ্যাত কৃষক নেতা রাকেশ তিকাইতের নেতৃত্বে থানায় গরু রেখে প্রতিবাদ শুরু হয়।
কৃষক নেতাদের দাবি গরুকে খাবার ও পানি দেওয়ার দায় পুলিশ কর্মকর্তাদের। থানা প্রাঙ্গণে একটি পুলের সঙ্গে প্রাণীটিকে বেঁধে রাখতে দেখা যায়। তাদের সামনে ঘাস ও পানির পাত্র রাখা ছিলো।
বিক্ষোভকারী এক কৃষক বলেন, ‘বর্তমান সরকার নিজেদের গরু পূজারি বা গরু প্রেমিক বলে দাবি করে থাকে। আমরা এই পবিত্র প্রাণীটিকে প্রতীক হিসেবে নিয়ে এসেছি কারণ এটা পবিত্র বলে বিবেচিত হয় আর এর উপস্থিতির কারণে হয়তো সরকারের বোধোদয় হবে।’
হরিয়ানায় বর্তমানে ক্ষমতাসীন রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। বিজেপির জোটসঙ্গী জেজেপি’র এমএলএ দেবেন্দ্র সিং বাবলির বাড়ি ঘেরাওয়ের অভিযোগে ওই দুই কৃষককে আটক করা হয়।