মূত্রথলিতে নারিকেল আকৃতির পাথর, সফল অস্ত্রোপচার

মূত্রথলিতে নারিকেলের মতো আকারের পাথর জমে ছিল। এক কেজি ওজনের সেই পাথর সরিয়ে ১৭ বছরের এক অনাথ কিশোরকে সুস্থ করে তুলতে সমর্থ হয়েছেন ভারতের মুম্বাইয়ের একজন চিকিৎসক। পুরো অস্ত্রোপচারটি হয় বিনা পয়সায়। সফল অপারেশনের পর যেন নবজীবন ফিরে পেলো ওই কিশোর।

চিকিৎসকদের মতে, রেউবেন শেখ নামের ওই কিশোর জন্মের পর থেকে এক্সট্রপি এপিসপেডিয়াস কমপ্লেক্স নামের একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল। এই ধরনের রোগ লাখে একজনের শরীরে বাসা বাঁধে।

এই ধরনের রোগ যাদের হয়, তাদের মূত্রথলিতে মূত্র জমা থাকে না। অন্যান্যদের ক্ষেত্রে মূত্রথলি যেভাবে কাজ করে, সেটি এক্ষেত্রে হয় না। মূত্র পেলেই তা শরীর থেকে বেরিয়ে যেতে থাকে।

১৫ বছর আগে রাজীব রেডকার নামের একজন চিকিৎসক রেউবেন শেখের চিকিৎসা করেছিলেন। সেই সময় তার একটি অস্ত্রোপচারও করা হয়। এই অস্ত্রোপচারের মাধ্যমে শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পাদনের জন্য রেউবেনের পেটে একটি টিউব লাগানো হয়। অস্ত্রোপচারের পর আর চেকআপ করানো হয়নি।

গত মাসে ওই কিশোর মুম্বাইয়ের চিকিৎসকের সঙ্গে ফের যোগাযোগ করে। সে চিকিৎসককে জানায়, তার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। খুব অস্বস্তি হচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ে আসতে বলা হয়। ছেলেটি তখন তার পরিবারের লোকজনকে সঙ্গে করে ফের দুই হাজার কিলোমিটার যাত্রা করে মুম্বাইতে যায়। ডা. রাজীব রেডকারের ক্লিনিকে গিয়ে তার সঙ্গে দেখা করে।

গত ৩০ জুন তার শরীরে ফের অস্ট্রোপচার হয়। তখন তার মূত্রথলি থেকে ১৩ দশমিক ‌৪ ইঞ্চি দৈর্ঘ্যের এবং এক কেজি ওজনের একটি পাথর বের করা হয়। যে অস্ত্রোপচার করা হয়েছিল, তাতে ঝুঁকি খুব বেশি ছিল। কিন্তু অস্ত্রোপচার সফল হয়েছে।

চিকিৎসক রেডকার জানিয়েছেন, ছেলেটির কিডনি ভালোভাবেই কাজ করছে। তবে তার আরও দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। মাঝে মধ্যেই তাকে চেকআপে আসতে হবে। একইসঙ্গে চিকিৎসক জানিয়েছেন, এতিম ছেলেটির সঙ্গে তেমন অর্থকড়ি না থাকায় জীবন বাঁচাতে বিনা পয়সায় চিকিৎসা করেছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।