ভারত অধিকৃত কাশ্মিরের প্রভাবশালী নেতা সৈয়দ আলী শাহ গিলানি ইন্তেকাল করেছেন। বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে শ্রীনগরের হায়দারপোরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
নিজের সমর্থকদের কাছে গিলানি ছিলেন কাশ্মিরের প্রধান স্বাধীনতাকামী নেতা। তার দিল্লির বিবেচনায় তিনি ছিলেন একজন বিচ্ছিন্নতাবাদী রাজনীতিক। এ অভিযোগে দীর্ঘদিন ধরে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। বুধবার তার মৃত্যুর পরপরই কাশ্মিরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।
ভারত সরকার কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে ফেলার পর গৃহবন্দি অবস্থায় থেকেই ভারতের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধের ডাক দিয়েছিলেন গিলানি। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরায় এক চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান তিনি।
গিলানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাশ্মিরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বেশিরভাগ বিষয়ে আমরা একমত হতে না পারলেও নিজের বিশ্বাসের প্রতি দৃঢ়তার জন্য তাকে শ্রদ্ধা করি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।