একটি ছোট বানর মেরে ফেলার প্রতিশোধ কতটা ভয়াবহ তা না দেখে বোঝার উপায় নেই। বানর হত্যার প্রতিশোধে গ্রামের ২৫০টি কুকুরছানা মেরে ফেলেছে বানরের পাল। এমন ঘটনা ভারতের মহারাষ্ট্রের মাজলগাঁও ও লাভুল গ্রামে। এই ঘটনায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী।
গ্রামবাসীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, ঘটনা শুরু হয় প্রায় এক মাস আগে। যখন কয়েকটি কুকুর একটি বানরের ছানাকে মেরে ফেলে।
এরপর থেকে কুকুরের ছানা পেলেই গাছের ডালে কিংবা কোনও ভবনের উঁচুতে নিয়ে ফেলার দেওয়ার ঘটনা ঘটছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা লাভুল গ্রামে। কুকুরের ছানা টেনে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও ও ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এক ভিডিওতে দেখা যায়, বানরের দলকে গ্রামের ভেতর দিয়ে তাড়া করছে ক্ষিপ্ত একদল কুকুর। এ সময় ভয়ে নারী ও শিশুরা ঘরে লুকিয়ে পড়েন। লাভুল গ্রামে ৫ হাজার মানুষ বসবাস করে।
প্রতিকার চেয়ে বন বিভাগের কর্মকর্তাদের কাছে আবেদন করেন স্থানীয়রা। কিন্তু এখনও প্রতিকার করতে পারেনি তারা।
গ্রামবাসীরা অভিযোগ করেন, বানর হত্যার প্রতিশোধের জেরেই এই অবস্থা। কুকুর ছানা দেখলেই তুলে নিয়ে চলে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ২৫০টি কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে দাবি করেন।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট