করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তেমনটি হলে ভারতে দৈনিক ১৪ লাখ নতুন আক্রান্ত হতে পারে। শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার এই সতর্কতার কথা জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
ভারত সরকার উল্লেখ করেছে, প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার পরও যুক্তরাজ্য ও ফ্রান্সে ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াচ্ছে।
এক প্রেস ব্রিফিংয়ে নিতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ডা. ভিকে পাল বলেন, আপনার আফ্রিকা ও ইউরোপের কিছু অংশের পরিস্থিতি সম্পর্কে জানেন। এসব স্থানে পরিস্থিতির অবনতি হচ্ছে। মহামারি দ্রুত ছড়াচ্ছে, বিশেষ করে ওমিক্রনের মতো ভ্যারিয়েন্টের কারণে।
ভিকে পাল আরও বলেন, এমন পরিস্থিতি যাতে ভারতে সৃষ্টি না হয় সেজন্য আমাদের উদ্যোগ নিতে হবে। আমাদের এমন পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলাও প্রস্তুতি রাখতে হবে।
তিনি উল্লেখ করেন, উচ্চ হারে টিকাদান ও ডেল্টার সংক্রমণ থাকার পরও বৃহস্পতিবার যুক্তরাজ্যে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভারতে যদি এমনটি ঘটে তাহলে আমাদের জনসংখ্যার কথা মাথায় রাখলে প্রতিদিনি ১৪ লাখ আক্রান্ত হতে পারে। একইভাবে ৮০ শতাংশ মানুষ আংশিক টিকা নেওয়া ফ্রান্সেও ৬৫ হাজার আক্রান্ত হয়েছে। যদি ফ্রান্সের মতো পরিস্থিতি হয় তাহলে ভারতে প্রতিদিন ১৩ লাখ আক্রান্ত শনাক্ত হতে পারে।