পশ্চিমবঙ্গে দৈনিক শনাক্ত ৯ হাজার ছাড়িয়েছে, সংক্রমণ বাড়লো ৪৯ শতাংশ

ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়ছেই। একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ৪৯ শতাংশ। সোমবার যেখানে শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৭৮ মঙ্গলবার সেখানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৩। গোটা রাজ্যে পজিটিভিটি রেট ১৮ দশমিক ৯৬।

মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের অর্ধেকই ঘটেছে কলকাতায়। সেখানে চার হাজার ৭৫৯ জনের কোভিড শনাক্ত হয়েছে।

ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য বিভাগ নতুন একটি কোভিড চিকিত্সা নির্দেশিকা জারি করেছে। এতে বিশেষ করে হালকা উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া যতটা সম্ভব এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি বা তার বেশি, অন্তত সাত দিন ধরে বারবার জ্বর আসা এবং পালস রেট কম এমন কোভিড পজিটিভ রোগীদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের চিকিত্সকদের একাংশের মতে, চিকিত্সকদের মধ্যে ব্যাপক সংক্রমণের কথা বিবেচনা করে মৃদু উপসর্গযুক্ত রোগীদের হাসপাতালে ভর্তির বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ২০০ জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের একজন সিনিয়র চিকিৎসক বলেন, ‘সঠিক চিকিৎসা হলে মৃদু সংক্রমণ সেরে যায়। কিন্তু হাসপাতালে ভর্তি হলে আরও সংক্রমণ হতে পারে। সেক্ষেত্রে এটি আরও জটিলতা তৈরি করতে পারে। তাই, আমরা যতটা সম্ভব হাসপাতালে ভর্তি হওয়া এড়াতে বলছি।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।