দুই বাংলার মধ্যে ট্রেন ও বাসের যোগাযোগ বেশ কিছু বছরের পুরনো। এবার একটু ভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে রাজ্য পরিবহন দফতর। আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা শুরুর ভাবনা।
এ বার বাংলাদেশ সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন তীর্থক্ষেত্রে বাস পরিষেবা শুরু করতে চলেছে পরিবহন দফতর। বনগাঁ সীমান্ত এলাকা থেকে এই পরিষেবা শুরু করতে চায় তারা। আপাতত ঠিক হয়েছে, সীমান্ত থেকে বাসগুলা যাবে কলকাতার কালীঘাট, শহরতলির দক্ষিণেশ্বর, বীরভুমের তারাপীঠ ও কঙ্কালীতলায়। এই বাস পরিষেবায় কেমন সাড়া পাওয়া যায়, তা দেখেই আরও তীর্থস্থানে বাস পরিষেবা শুরু করা নিয়ে ভাবনা-চিন্তা করা হবে।
পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র বলেন, ‘সীমান্তবর্তী এলাকার মানুষ যাতে সহজেই বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে পারেন। সে দিকে নজর দিয়েই এই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এই বাস পরিষেবাকে জনপ্রিয় করতে সব বাসই তাপানুকূল হবে বলে জানানো হয়েছে। কালীঘাট ও দক্ষিণেশ্বর ভ্রমণের পর সে দিনই যাতে পর্যটকরা ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।