ভারতের অর্থমন্ত্রী জানিয়েছেন, এই বছরের ভারতীয় মুদ্রা রুপির ডিজিটাল সংস্করণ চালু করা হবে। বার্ষিক বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ডিজিটাল সম্পদ থেকে আয়ে ৩০ শতাংশ কর আদায়ের পরিকল্পনাও তুলে ধরেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
বিশ্বের বৃহত্তম একটি অর্থনীতির দেশ হিসেবে সর্বশেষ সরকারিভাবে ভার্চুয়াল মুদ্রা চালুর ঘোষণা দিলো ভারত। চীন এখন ডিজিটাল ইউয়ানের পরীক্ষা চালাচ্ছে।
ভারতীয় অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালু ডিজিটাল অর্থনীতিতে গতি আনবে। এর ফলে আরও কার্যকর ও সাশ্রয়ী মুদ্রা ব্যবস্থাপনার দিকে দেশকে নিয়ে যাবে।
ঘোষণা অনুযায়ী, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের ওপর ৩০ শতাংশ কর বসানো হবে। করের আওতায় আসবে ডিজিটাল সম্পদও। ডিজিটাল মুদ্রার লেনদেনে ৩০ শতাংশ করের পাশাপাশি দিতে হবে ১ শতাংশ উৎস কর।
ডিজিটাল আর্থিক লেনদেনের উদ্দেশ্যে ভারতের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিট স্থাপিত হবে। সাধারণ জনগণের কাছে ডিজিটাল পেমেন্টের সুযোগ পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সীতারমন।