পশ্চিমবঙ্গ বাসযোগ্য নেই, রাষ্ট্রপতির শাসন চাই: রুপা গাঙ্গুলি

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সহিংসতা নিয়ে ভারতের রাজ্যসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির আইনপ্রণেতা রুপা গাঙ্গুলি। পশ্চিমবঙ্গ আর বাসযোগ্য নেই দাবি করে এই অভিনেত্রী-রাজনীতিবিদ রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন চালুর দাবি জানান।

গত সোমবার রাতে বীরভূমের রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুন হন। এর জেরে ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামে রাতভর তাণ্ডব চলে। গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার দমকলের তরফে জানানো হয়, এই ঘটনায় এখনও অবধি ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

ওই ঘটনার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা রুপা গাঙ্গুলি বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন চাই। সেখানে গণহত্যা চলছে, মানুষ পালিয়ে যাচ্ছে...রাজ্যটি আর বাসযোগ্য নেই।‘

শুক্রবার ঘটনাটি তদন্তের দায়িত্ব  কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এর আগে কেন্দ্রীয় সংস্থাকে দায়িত্ব দিতে অস্বীকৃতি জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

রাজ্যসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুপা গাঙ্গুলি অভিযোগ করেন, রাজ্য সরকার ঘটনার জন্য দায়ীদের রক্ষার চেষ্টা করছে।

রাজ্যসভায় রুপা গাঙ্গুলি বলেন, মানুষ পশ্চিমবঙ্গে কথা বলতে পারছে না। সরকার খুনিদের রক্ষা করছে। কোনও রাজ্যেই নির্বাচনে জিতে সরকার মানুষ খুন করে না। আমরা মানুষ। আমরা পাথর-হৃদয়ের রাজনীতিবিদ নই।‘ 

বিজেপি দাবি করছে বীরভূমের সহিংসতা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিরোধীদের হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে আসছে বিজেপি। বেশ কয়েক জন বিজেপি নেতা আগেও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসনের দাবি তুলেছেন।

সূত্র: এনডিটিভি