ভারতে তৈরি প্রথম বাণিজ্যিক বিমান মঙ্গলবার উড়ান দিলো। জানা গেছে, এই বিমান তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে।
ডর্নিয়ার ২২৮ বিশেষ বিমানটি বিমান সংযোগের কাজ করবে অরুণাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে। এটি ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হচ্ছে।
মনে করা হচ্ছে, ডর্নিয়ার ২২৮-এর মাধ্যমে দেশের অন্যান্য অংশের পাশাপাশি উত্তর-পূর্বের বিমান পরিষেবা আগামী দিনে আরও জোরদার করা যাবে।
এই বিমানে ১৭ টি আসন রয়েছে। এর মাধ্যমে অরুণাচল প্রদেশের পাঁচটি শহরের সঙ্গে আসামের ডিব্রুগড়কে যুক্ত করা হবে।
অ্যালায়েন্স এয়ার ফেব্রুয়ারিতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)-এর সঙ্গে বিমানটি তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল।
ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশীয় বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট চলবে আসামের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট পর্যন্ত।