পশ্চিমবঙ্গে অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র তৈরির ঘোষণা দেবী শেঠির

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের বড় কয়েকটি প্রস্তাব এসেছে। একটি প্রস্তাব দিয়েছেন ভারতের বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি। বৃহস্পতিবার সম্মেলনে অঙ্গ প্রতিস্থাপনের কেন্দ্র তৈরির প্রস্তাব দেন তিনি। প্রতিস্থাপন কেন্দ্র তৈরির জন্য জমি চেয়েছেন রাজ্যের কাছে। তিনি বলেন, ‘কলেজে পড়ে নার্স হওয়া যায় না। দরকার হয় হাতে কলমে রোগীকে পরিষেবা দেওয়া। তাই অন্তত রোগীকে সর্বক্ষণ পরিষেবা দেওয়ার মতো ব্যাপক সংখ্যক নার্স তৈরি করতে হবে রাজ্যে।’ আর সেই জন্য অন্তত ১ হাজার নার্সিং কলেজ তৈরির পরামর্শ দেন তিনি।

কলকাতার নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে নারায়না গ্রুপের চেয়ারম্যান তথা খ্যাতনামা চিকিত্সক দেবী শেঠি ঘোষণা দেন, রাজ্যে তিনি আরও ১ হাজার কোটি রুপি বিনিয়োগ করবেন একইসঙ্গে তিনি এই রাজ্যে গড়তে চান আরও একটি সুপার ফেসিলিটি হাসপাতাল।

নারায়না গ্রুপের ১ হাজার কোটি রুপি ছাড়াও আরও ৩ হাজার ৫০০ কোটি রুপি বিনিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য খাতে। এর মধ্যে অ্যাপোলো হাসপাতাল গ্রুপ এক হাজার কোটি রুপি বিনিয়োগ করবে। হেলথ ওয়ার্ল্ড গ্রুপের পক্ষ থেকে ৪৫০ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, চাণক্য হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয়েছে ২৫০ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব, মেডিকা হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয়েছে ৩৮০ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব, উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয়েছে ৩০০ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব। এককথায়, শিল্পের সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য ক্ষেত্রেও এসেছে বিপুল বিনিয়োগের প্রস্তাব। যা থেকে আশার আলো দেখতে পাচ্ছে রাজ্য সরকার।

দেবী শেঠি আরও জানান, রাজ্যে ১ হাজার, এমনকী দেড় হাজার শয্যার হাসপাতাল রয়েছে। কিন্তু সেই অনুপাতে চিকিৎসক নেই। দেশে এখন কর্মরত চিকিৎসকের সংখ্যা এখন ১০ লাখ। এই সংখ্যাটাকে ঠিক কতটা বাড়াতে হবে, তা সময় বলবে বলেই মনে করছেন এই বিশিষ্ট চিকিৎসক।

দেবী শেঠির কথায়, ‘একটা অভিযোগ আসে বেসরকারি হাসপাতালগুলো বেশি চার্জ নেয়। আমার মনে হয়, এর কারণটা খুঁজে দেখার সময় এসেছে। ছোট ছোট মেডিক্যাল কলেজ যেখানে ১০০-১৫০ ছাত্র পড়াশোনা করতে পারবে, টাকাও কম লাগবে, তাহলে প্রচুর সংখ্যায় চিকিৎসক তৈরি হবে দেশে। অর্থাৎ আমাদের চিন্তা-ভাবনায় বদল আনতে হবে।’