কংগ্রেসে যোগ দিচ্ছেন না প্রশান্ত কিশোর

ভারতের ভোটকুশলী প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিচ্ছেন না। তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। তিনি নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিয়েছে কংগ্রেস। অর্থাৎ প্রশান্তের কংগ্রেসে যোগদানের জল্পনার আপাতত ইতি ঘটলো।

গত কয়েকদিন ধরেই প্রশান্তের কংগ্রেসে যোগদান নিয়ে দিল্লিতে জোর জল্পনা চলছিল। দফায় দফায় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছিলেন ভোটকুশলী। একটা সময় মনে করা হচ্ছিল দলটিতে তার যোগদান সময়ের অপেক্ষা। কিন্তু মঙ্গলবার কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে জানিয়ে দিলেন, প্রশান্ত কিশোরকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

টুইটে সুরজেওয়ালা জানিয়েছেন, ‘প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা এবং তার প্রেজেন্টেশনের পর কংগ্রেস সভানেত্রী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ দল গঠন করেছেন। কংগ্রেস সভানেত্রী প্রশান্ত কিশোরকেও দলে যোগ দিয়ে এই গ্রুপের অংশ হিসেবে বিশেষ দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যখ্যান করেছেন। তবে তিনি দলের জন্য যে পরামর্শগুলো দিয়েছেন এবং পরিশ্রম করেছেন, আমরা সেটাকে সম্মান করি।’

রণদীপের টুইটের অর্থ দাঁড়ায়, আপাতত প্রশান্ত কিশোরের সরাসরি কংগ্রেসে যোগদানের আর কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, দলে যোগ দেওয়ার জন্য প্রশান্তকে অন্য সব দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু তারপরও তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী টিআরএস সুপ্রিমো কেসিআরের সঙ্গে বৈঠক করেছেন। তার প্রাক্তন সংস্থা আই-প্যাক টিআরএসের সঙ্গে চুক্তিও করেছে। তাহলে কি অন্য দলের সঙ্গে সম্পর্ক শেষ করতে চান না বলেই কংগ্রেসে যোগদানের ব্যাপারে পিছিয়ে এলেন পিকে? উঠছে সে প্রশ্নও।

প্রশান্তের বক্তব্য, কংগ্রেসের তার থেকেও বেশি প্রয়োজন সংকট থেকে বেরিয়ে আসার সদিচ্ছা। টুইটে তিনি বলেছেন, ‘আমি কংগ্রেসে যোগ দেওয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমার মতে, এই মুহূর্তে আমার থেকেও কংগ্রেসের যেটা বেশি প্রয়োজন, সেটা হলো নেতৃত্ব এবং সাংগঠনিক খোলনলচে বদলে  দলের গভীর সংকট দূর করার সদিচ্ছা।’