পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টাপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য উড়িষ্যার ভুবনেশ্বর এইমস হাসপাতালে নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টর নির্দেশে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে তাকে ঘিরে চোর চোর স্লোগান উঠে।
সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স। মূলত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা কলকাতায় এলে যে গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন সেই গেট দিয়েই এয়ারপোর্টে ঢোকেন মন্ত্রী। এসএসকেএম থেকে বিমানবন্দর পৌঁছাতে সময় লাগে আধা ঘণ্টা।
ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হলে হাসপাতালে পৌঁছাতেই পার্থকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। দুর্নীতির অভিযোগ তোলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাঙালিরা।
জানা গেছে, ভুবনেশ্বর এইমসে বিশদ স্বাস্থ্য পরীক্ষা চলছে পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাকে ঢোকানো হয় উড়িষ্যার হাসপাতালে। প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় পরীক্ষা নিরীক্ষা।
হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রথমেই মন্ত্রীর ওজন, নাড়ির গতি, রক্তচাপ ইত্যাদি পরীক্ষা করা হয়। পার্থকে চিকিৎসকেরা জিজ্ঞাসা করেন, তার কী কী শারীরিক সমস্যা হচ্ছে। তিনি সমস্যার কথা জানান। পরে তার হৃদযন্ত্রের ইসিজি, ইকোকার্ডিওগ্রাম ইত্যাদি করানো হয়। নানা ধরনের রক্ত পরীক্ষাও করা হচ্ছে।
ভুবনেশ্বর এইমসের পরিচালক আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, পার্থের জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা মন্ত্রীর শারীরিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখবেন। এসএসকেএমে চিকিৎসাধীন থাকাকালে মন্ত্রীর যেসব ডাক্তারি পরীক্ষা হয়েছে, সেগুলোর রিপোর্টও দেখা হয়। তবে সব পরীক্ষাই আবার নতুন করে করা হচ্ছে।
রিপোর্ট এলেই আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড। এসএসকেএমে পার্থের চিকিৎসা করেছিলেন যে চিকিৎসকরা, তাদের সঙ্গেও আলোচনা করা হবে। এসএসকেএমের একাধিক চিকিৎসকও ভুবনেশ্বর গিয়েছেন পার্থের সঙ্গে। যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখার পর ঠিক হবে ভর্তি রেখে পার্থের চিকিৎসা করা হবে কিনা। তারপর দুই পক্ষের আইনজীবীদের সমস্ত তথ্য দেবেন তারা।