কোভিড মহামারির রেশ না কাটতেই ভারতে আরেক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘টমেটো ফ্লু’ নামের এই ভাইরাস মানুষের হাত, পা ও মুখে আক্রমণ করে থাকে। ভারতের কেরালা ও উড়িষ্যায় ইতোমধ্যেই এই ভাইরাসের সন্ধান মিলেছে। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী ল্যানসেট রেসপিরেটরি জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
পক্স, চিকনগুনিয়ার মতো রোগের উপসর্গের সঙ্গে টমোটো ফ্লুর মিল রয়েছে। এই ভাইরাসে শরীর ব্যথা, প্রচণ্ড জ্বর ও ক্লান্তি অনুভূত হয়। রোগীর দেহে ছোট লাল ফোস্কার মতো ক্ষত দেখা যায়। অনেক সময় বমি ও পেটের সমস্যাও দেখা যায়।
ল্যানসেটের নিবন্ধে বলা হয়েছে, গত ৬ মে কেরালার কুল্লামে প্রথমবারের মতো টমেটো ফ্লু ধরা পড়ে। সেখানে অনুর্ধ্ব পাঁচ বছরের ৮২টি শিশুর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। উড়িষ্যার ভুবনেশ্বরের আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্র জানিয়েছে, সেখানে ২৬টি শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। তামিলনাড়ু ও কর্ণাটকে সতর্কতা জারি করা হয়েছে।
ল্যানসেটের নিবন্ধে বলা হয়, যখন আমরা কোভিডের চতুর্থ ঢেউ মোকাবিলার চেষ্টা করছি সেই সময়টিতে ভারতের কেরালায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে টমেটো ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংক্রামক এই ভাইরাসটির চিকিৎসায় এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও ওষুধ নেই।
রোগের নাম মূলত ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার নামের ওপর ভিত্তি করে হয়। যেমন করোনাভাইরাস থেকে করোনা, টিটেনি থেকে টিটেনাস ইত্যাদি। টমোটো ফ্লুর নামের সঙ্গেও এর উপসর্গের (লাল ক্ষুদ্রাকৃতির ফোস্কা) মিল রয়েছে। প্রাথমিকভাবে আক্রান্তদের প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সঙ্গে নিতে হবে যথেষ্ট বিশ্রাম। শিশুরা যাতে এই ফোস্কায় হাত না দেয় শেই পরামর্শও দেওয়া হচ্ছে।