মাঝ সমুদ্রে ডুবলো বাংলাদেশি ট্রলার। প্রবল হাওয়া ও উত্তাল সমুদ্র থাকায় স্বাধীন ফিশিং নামের বাংলাদেশি ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় ১১ জেলে পানিতে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে আসেন। এরপর শনিবার ভোরে ভারতীয় 'মা মালবিকা' ট্রলার তাদের উদ্ধার করে।
নিখোঁজ ১১ জন বাংলাদেশি জেলেকে বাঘের চর থেকে উদ্ধার করে আনা হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে সবাইকে থানায় রাখা হয়েছে। বর্তমানে সব জেলে সুস্থ আছেন বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ১১ জেলে বাংলাদেশের পটুয়াখালীর জেলার মহিপুর ফিশিং হারবার থেকে মাছ ধরতে বেরিয়েছিলেন। মাঝপথে হঠাৎ আবহাওয়া খারাপ এবং উত্তাল সমুদ্র থাকার কারণে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার হওয়া জেলেদের দাবি, তাদের সঙ্গে আরও বাংলদেশি ট্রলারও ছিল। প্রবল ঝড়ে তারাও দিকভ্রষ্ট হয়ে পড়ে। সেই ট্রলারগুলো কথা বাংলাদেশে জানানো হয়েছে। ট্রলারগুলোর খোঁজে তল্লাশিও চলছে বলে খবর।
শনিবার রায়দিঘিতে বাংলাদেশিদের নিয়ে আসা হলে তারা ভারতীয় জেলেদের ধন্যবাদ জানিয়েছেন। তাদের জীবন বাঁচানোর জন্য তারা ভারতীয় জেলেদের কাছে কৃতজ্ঞ বলে জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশি ট্রলারের মাঝি ইব্রাহিম মোল্লা জানিয়েছেন, মাঝ সমুদ্রে ডুবতে ডুবতে ফিরে এসেছি। এখন বাড়ি যেতে পারলে খুবই ভালো লাগবে।
এ নিয়ে সাউথ সুন্দরবন ফিশারম্যান ইউনিয়নের সম্পাদক হারধন ময়রা জানান, সব জেলেদের উদ্ধার করতে পেরে ভালো লাগছে। এখন তাদের খাবারের বন্দোবস্ত করেছি। এরপর সবাইকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলে তাদের বাংলাদেশে পাঠানোর বন্দোবস্ত করবে।