ত্রিপুরায় হয়েছে, পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার হবে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

‘ত্রিপুরায় হয়েছে, এবার পশ্চিমবঙ্গেও হবে’। শনিবার কলকাতার আলিপুর জাতীয় গ্রন্থাগারে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

তিনি এ দিন বলেন, ‘ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের মধ্যে সম্পর্ক খুব কাছের। কিন্তু বিগত কয়েক বছর ধরে দুই রাজ্যের মধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক দূরত্ব। আর তা তৈরি করেছে এই তৃণমূল সরকার। তিন তিনবার ওরা ত্রিপুরায় চেষ্টা করলো। এবার নোটার চেয়েও কম ভোট পেয়েছে।’

ত্রিপুরাবাসীকে এজন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ত্রিপুরাবাসী রাজনৈতিকভাবে সচেতন। তারা তৃণমূলের সুবিধাবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন। বামেরা সায়েন্টিফিক রিগিং আমদানি করেছিল। আমরা এবার নির্বাচনে রিগিং হতে দিইনি, ছাপ্পা ভোট করতে দিইনি।’

এরপর তিনি বিরোধীদের আক্রমণ করে বলেন, ‘ত্রিপুরায় শান্তিপূর্ণ নির্বাচনের পর বিরোধীরা কিছু অশান্তির ঘটনা ঘটিয়ে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু প্রশাসন শক্ত হাতে সামলেছে।’

তিনি আরও বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের কুর্ণিশ জানাই। আপনারা সন্ত্রাসের মোকাবিলা করছেন সাহসের সঙ্গে। আমি নিশ্চিত বাংলাতে পরিবর্তন আসবে। এখানেও বিজেপির সরকার হবে। আমাদের যখন ডাকবেন আমরা আসবো। চব্বিশ থেকেই বদল শুরু হবে। এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কমপক্ষে ২৫টা আসন আসবে। শুধু একটা কথাই বলি, বুক শক্তিশালী করুন। সাফল্য আসবেই। আমাদের অভিভাবক মোদিজি, অমিত শাহজি, জেপি নাড্ডাজি। আমাদের চিন্তা কী? সাহসী হোন, জয় নিশ্চিত।’