রাজস্থানের বসতবাড়িতে মিগ-২১ বিধ্বস্ত, নিহত ৩

রাজস্থানের একটি গ্রামে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জনহনুমানগড়ের বাহলোল নগরের কাছে সোমবার এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানটি নিয়মিত অনুশীলনের জন্য সুরতগড় বিমানঘাঁটি থেকে যাত্রা করেছিল। কারিগরি ত্রুটির কারণে সেটি বিধ্বস্ত হয়।

বিমানের পাইলট সময়মতো বিমান থেকে বের হয়ে যাওয়ায় তিনি অক্ষত আছেন বলে জানা গেছে।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানায়, সামান্য আঘাতপ্রাপ্ত পাইলটকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল।

বিবৃতিতে তারা জানায়, পাইলট আকাশে জরুরি পরিস্থিতির মুখে পড়েছিলেন। এ সময় তিনি বিদ্যমান পদ্ধতি মেনে বিমানটিকে রক্ষার চেষ্টা করেছিলেন। এতে ব্যর্থ হওয়ায় তিনি বিমান থেকে বেড়িয়ে যান। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে একটি কমিটি।

ঘটনাটি বর্ণনা করে স্থানীয় একজন বলেন, ‘বিকট শব্দ শুনেছি। প্যারাসুটে একজনকে নামতে দেখেছি। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি রট্টি রামের বাড়িতে বিধ্বস্ত হয়। এতে তার স্ত্রীসহ তিন নারী নিহত হন’।

তিনি বলেন, ‘পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা পানি ও বালির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে’।

পুলিশ জানিয়েছে, যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, ‘হতাহতের ঘটনা এড়াতে সব রকম প্রচেষ্টা চালিয়েছিলেন পাইলট। গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করা হয়েছিল’।

জানুয়ারিতে একটি সুখোই সু-৩০ এবং একটি মিরাজ ২০০০ বিমান প্রশিক্ষণ অনুশীলনের সময় বিধ্বস্ত হয়েছিল। এতে একজন পাইলট মারা যান। দুটি বিমানের একটি মধ্যপ্রদেশের মোরেনায়, অন্যটি রাজস্থানের ভরতপুরে বিধ্বস্ত হয়েছিল।

সূত্র: এনডিটিভি