অবশেষে ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার (পঞ্চায়েত) নির্বাচনের ভোটগ্রহণের দিন। বৃহস্পতিবার রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা ঘোষনা করেন, আগামী ৮ জুলাই অনুষ্ঠি হবে ভোট। এক দফাতেই ভোটগ্রহণ করা হবে। ১১ জুলাই ফলপ্রকাশ করা হবে।
রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৮ জুন থেকে রাজ্যে নির্বাচনি বিধি কার্যকর হচ্ছে। আগামীকাল শুক্রবার (৯ জুন) মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে। মনোনয়ন জমা নেওয়া হবে আগামী ১৫ জুন পর্যন্ত। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ১১ জুলাই ভোটের ফল প্রকাশ হবে। বৃহস্পতিবার ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। পশ্চিমবঙ্গ মোট ২২টি জেলায় ভোটগ্রহণ হবে। গ্রাম পঞ্চায়েতের মোট আসনের সংখ্যা ৬৩ হাজার ২৮৩টি।
তবে বিরোধী দল বিজেপির দাবি অনুসারে এবারে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে কি না, সে ব্যাপারে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেছেন, রাজ্য পুলিশের ওপর আস্থা রাখা উচিত। সরকারি কর্মচারিরা আমাদের সহকর্মী। তাদেরকেও বলব আমাদের ওপর আস্থা রাখতে।
গতবার পঞ্চায়েত নির্বাচনে একাধিক স্থানে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ তুলেছিল বিরোধীরা। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলেও সে ব্যাপারে কোনও সদুত্তর দেননি নির্বাচন কমিশনার।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন, রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। পঞ্চায়েত নির্বাচনে যদি কারও কোনও ক্ষতি হয় সেই দায় নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর রাজ্য কমিটির সভাপতি সুকান্ত মজুমদার জানান, এত অল্প সময়ের মধ্যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা আদালতে যাব।