বিদেশ ডেস্ক

জম্মু-কাশ্মির সীমান্তে আরেকটি গোপন সুড়ঙ্গ!

পাকিস্তান-ভারত সীমান্ত সংলগ্ন জম্মু-কাশ্মিরে আরেকটি গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মাটির অন্তত ১০ ফুট নিচে ৩০ ফুট দীর্ঘ ওই সুড়ঙ্গের অস্তিত্ব মিলেছে বলে দাবি করেছেন তারা। ২০০৯ সাল থেকে জম্মু-কাশ্মির সীমান্তে এই নিয়ে তিনটি গুপ্ত সুড়ঙ্গের হদিস পেল ভারত।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তরফে জানানো হয়, সীমান্তে একটি রুটিন তল্লাশি চালানোর সময় ওই সুড়ঙ্গটি চোখে পড়ে। তারপরই সেটির মূল পথ খোঁজা শুরু হয়।

মাঝ রাতে ওই সুড়ঙ্গ দিয়েই ভারত সীমান্তে অনুপ্রবেশ করানো হতো বলে মনে করছে বিএসএফ। সুড়ঙ্গটি একজন ব্যক্তির প্রবেশের উপযোগী। ওই গুপ্ত পথের খোঁজ পাওয়ার পরপরই ভারতের দিক থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

30-Foot Tunnel Found in Jammu

বিএসএফের এক মুখপাত্র জানান, ভারতের দিকের সুড়ঙ্গ-মুখটি বন্ধ ছিল। তবে সুড়ঙ্গে মানুষের যাতায়াতের প্রমাণ পাওয়া গেছে।

ভারতীয় সেনাবাহিনীর ধারণা, সীমান্তবর্তী এলাকায় আরও বেশি করে জঙ্গি অনুপ্রবেশের মাধ্যমে ভারতের মাটিতে বড় ধরনের কোনও হামলা চালানোর উদ্দেশ্যেই ওই সুড়ঙ্গটি কাটা হয়েছে।

বিএসএফ ইন্সপেক্টর জেনারেল রাকেশ শর্মা জানিয়েছেন,পাকিস্তানের দিক থেকে ভারত পর্যন্ত কোনও গুপ্ত পথ রয়েছে কি না,সে বিষয়ে অনেকদিন ধরেই খোঁজ চলছিল। অবশেষে একটি রাস্তার খোঁজ পাওয়া যায়।

তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্তের জন্য পাকিস্তানি জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছি। তারা আমাদের জানিয়েছেন, এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন।’

পাকিস্তান সীমান্ত থেকে একটি গুপ্ত সুড়ঙ্গ কাটা হয়েছে। এটি জম্মুর আরএস পুরে সেক্টরের নিকটবর্তী নিক্কি তাওয়ি নদীর কাছে এসে শেষ হয়েছে।

সূত্র: এনডিটিভি।

/এমপি/এফইউ/