ভারতজুড়ে সৃষ্ট ‘দেশদ্রোহী’ বিতর্ক থামছেই না। সেই ফেব্রুয়ারিতে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যা শুরু হয়েছিল তা এখনও চলছে। এবার নতুন দেশদ্রোহী ঘোড়ার পা ভেঙে নতুন বিতর্কের জন্ম দিলেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক।
সোমবার ভারতের উত্তরাখণ্ডে এ ঘটনা ঘটে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে রাজ্য বিজেপির আন্দোলনের এক কর্মসূচিতে বিজেপি বিধায়ক গনেশ জোশি এ ঘটনা ঘটিয়েছেন।
‘দেশদ্রোহী’ ঘোড়ার পা ভেঙে দেওয়া বিধায়ক গণেশ জোশি বলেন, ‘এরা ব্রিটিশদের ফৌজ বাহিনী নয়, উত্তরাখণ্ডের পুলিশ। আমাদের দলের কর্মীদের ওপর ঘোড়া দিয়ে আক্রমণ করার কোনও দরকার কি আদৌ ছিল? আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ঘোড়া আনার কোনও দরকার ছিল না। আমাদের দু'জন আহত। আমি দুঃখিত। আমি নিজেও বাড়িতে গবাদি পশু লালন পালন করি। আমার পশুদের প্রতি ভালবাসা রয়েছে। পুলিশ কংগ্রেসের এজেন্টদের মতো কাজ না করলে, এমনটা হতো না। ওই ঘোড়ার মৃত্যু হলে, আমি রাজনীতি থেকে বিদায় নেব। আমার দলের কর্মীর বিরুদ্ধে আক্রমণ করলে, আমি কি দাঁড়িয়ে থাকব?
দেরাদুনের এই ঘটনায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধিক্কার জানানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। প্রশ্ন ওঠছে, ঘোড়াও কি দেশদ্রোহী? কিভাবে পুলিশের ঘোড়াকে লাঠি দিয়ে মেরে পা ভেঙে দিলেন বিজেপি বিধায়ক।
‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে পুলিসের ঘোড়ার ওপর আক্রমণ করে পা ভেঙে দেওয়ায় বিধায়ক গনেশ জোশির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। পশুর প্রতি নির্মমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে উত্তরাখণ্ডের পুলিশ।
৯ ফেব্রুয়ারি জেএনইউতে আফজাল গুরুর ফাঁসির বর্ষপূর্তিতে এক অনুষ্ঠানে ‘দেশদ্রোহী’ স্লোগান দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেফতার করলে শুরু হয় ভারতজুড়ে ক্ষোভ। কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, কোনও অবস্থাতেই ভারতবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও দুই ছাত্র উমর খালিদ ও অনির্বান চট্টোপাধ্যায় আত্মসমর্পন করেন। ছাত্রদের গ্রেফতার ও পরে আদালতে কানহাইয়াসহ ছাত্র-শিক্ষকদের ওপর হামলায় দেশদ্রোহী বিতর্ক আরও গতি পায়। পরে জেএনইউকে সমর্থণ করায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ভারতের শীর্ষ ৫ রাজনৈতিক নেতার বিরুদ্ধেও দেশদ্রোহীর অভিযোগে মামলা দায়ের করা হয়। সূত্র: জি-নিউজ।
/এএ/