পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঈদুল আজহার দিন নদীয়া জেলায় অবস্থিত মায়াপুরের ইসকন মন্দিরে গিয়ে ঐতিহ্যবাহী গো-পূজা সম্পন্ন করেছেন। সেখানে তিনি কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ‘গো-পূজা’ সম্পন্ন করেন এবং ইসকনের সাধুদের সঙ্গে মতবিনিময় করেন।
ঐতিহ্যবাহী সাদা ধুতি-কুর্তা পরিহিত শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে মন্দির চত্বরের ভেতরে অবস্থিত ইসকন গোশালায় খালি পায়ে হেঁটে যান। সেখানে তিনি একটি বিশেষ গো-সেবা কর্মসূচির অংশ হিসেবে প্রার্থনা বা পূজা নিবেদন করেন।
গোশালায় অবস্থানকালে তিনি গাভীগুলোকে ফল ও মিষ্টি খাওয়ান এবং একটি ‘যজ্ঞে’ অংশ নেন। পরবর্তীতে তিনি চন্দ্রোদয় মন্দিরে যান এবং সেখানে প্রার্থনা করার পাশাপাশি ইসকন পরিচালনা কমিটির সদস্য ও সাধুদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
উল্লেখ্য নতুন রাজ্য প্রশাসন এবারের ঈদুল আজহা বা কোরবানি ঈদের উদযাপনে বেশ কিছু পরিবর্তন এনেছে। এর মধ্যে অন্যতম হলো এই উৎসব উপলক্ষে আগে যেখানে দুই দিনের সরকারি ছুটি থাকত, তা কমিয়ে এবার এক দিন করা হয়েছে। এছাড়া, কলকাতার রেড রোডে ঈদের নামাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানান্তর করা হয়।
সূত্র: ইন্ডিয়া টুডে, পিটিআই