বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি

অবশেষে ভারতের কেরালা রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটেছে। এর মাধ্যমে দেশটিতে আনুষ্ঠানিকভাবে বর্ষাকাল শুরু হলো। সাধারণত প্রতি বছর ১ জুন কেরালায় বর্ষা নামলেও এবার তা নির্দিষ্ট সময়ের চেয়ে তিন দিন পিছিয়ে আজ বৃহস্পতিবার (৪ জুন) এসে পৌঁছাল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, কেরালা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মৌসুমি বায়ু এগিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে, যার ফলে পুরো রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

ভারতে বর্ষার প্রথম গন্তব্যস্থল হওয়ায় বর্তমানে কেরালাজুড়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। আইএমডি গত কয়েকদিন ধরে কেরালার বৃষ্টিপাতের ওপর নজর রাখছিল এবং বর্ষার আনুষ্ঠানিক ঘোষণার জন্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় মানদণ্ড পূরণ হওয়ার অপেক্ষায় ছিল। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, অঞ্চলটিতে ব্যাপক বৃষ্টিপাত, বাতাসের গতিবেগ বৃদ্ধি এবং মেঘের ঘনঘটা বাড়ার পরই আনুষ্ঠানিকভাবে বর্ষা আসার ঘোষণা দেওয়া হয়েছে।

কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছানোর পর এখন সবার নজর দেশের বাকি অংশগুলোর দিকে, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোর দিকে; যেখানে কয়েক সপ্তাহ ধরে তীব্র গরম চলছে এবং মানুষ স্বস্তির অপেক্ষায় রয়েছে।