হাইকমিশনার ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে। বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস সই করা এক স্মারকে এ ঘোষণা দেওয়া হয়।

স্মারকে বলা হয়, বাংলাদেশে ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে টেবিল অব প্রিসিডেন্সে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে। এটি ব্যক্তিগতভাবে তার জন্য প্রযোজ্য এবং এ কারণে টেবিল অব প্রিসিডেন্সে কোনও সংশোধন আনা হচ্ছে না।

এতে আরও বলা হয়, টেবিল অব প্রিসিডেন্সে এই অবস্থান শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য প্রযোজ্য।

গত ২৭ এপ্রিল বাংলাদেশে ভারতের দূত হিসেবে ত্রিবেদির নিয়োগ নিশ্চিত করা হয়। গত ১২ জুন বাংলাদেশে কার্যভার গ্রহণ করতে আসেন দীনেশ ত্রিবেদী। 

ঢাকায় দীর্ঘদিন ধরে পেশাদার কূটনীতিক নিয়োগের প্রচলিত ধারা থেকে সরে এসে এবার একজন রাজনীতিক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রীকে এই দায়িত্ব দেওয়াকে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ত্রিবেদী ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা। তিনি বাংলাতেও সাবলীল।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এই নিয়োগ দিয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিডিনিউজ২৪