ভিয়েতনামে নৌকা উল্টে প্রাণ গেলো ১৫ ভারতীয় পর্যটকের

ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে ৩৬ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা উল্টে গিয়ে অন্তত ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর দুইজনকে আশঙ্কাজনক অবস্থাসহ মোট ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্গতদের সহায়তার জন্য ভারতীয় মিশন ইতোমধ্যেই বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নৌযানটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন পরিচারকসহ মোট ৩৬ জন আরোহী ছিলেন। হন মে রুত এনগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তীব্র ঢেউ এবং ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে যাত্রী ও ক্রুসহ সব আরোহী পানিতে পড়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দুর্ঘটনার আপডেট শেয়ার করে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস লিখেছে, একটি মর্মান্তিক দুর্ঘটনায় ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে বেশ কয়েকজন ভারতীয় পর্যটকবাহী একটি নৌকা উল্টে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান থাকায় দুর্ঘটনার সুনির্দিষ্ট বিবরণ নিশ্চিত করার চেষ্টা চলছে। দূতাবাস আরও জানায়, ঘটনার সঠিক কারণ ও বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে ভারতের অন্ধ্র প্রদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশ দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নয়াদিল্লির এপি ভবন ও রাজ্য সরকারের কর্মকর্তাদের কাছে বিস্তারিত তথ্য চান। দুর্ঘটনায় অন্ধ্র প্রদেশের বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন কি না, সে বিষয়েও তিনি তথ্য জানতে চান। কর্মকর্তারা জানান, অবকাশযাপনে যাওয়া অন্ধ্র প্রদেশের কিছু পর্যটক এ দুর্ঘটনায় জড়িত থাকতে পারেন।

লোকেশ ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পর্যটক ও তাদের পরিবারের সহায়তায় হো চি মিন সিটিতে ভারতীয় কনস্যুলেট জেনারেল এবং হ্যানয়ে ভারতীয় দূতাবাসে দুটি কন্ট্রোল রুম চালু করেছে ভারতীয় মিশন। ভারতীয় মিশন জানিয়েছে, এই দুর্ঘটনা সংক্রান্ত যেকোনও জিজ্ঞাসা বা সহায়তার জন্য উভয় কন্ট্রোল রুমই সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।