‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ‘নির্মমতা’ নিয়ে স্বতঃপ্রণোদিত (সু মটো) হস্তক্ষেপ চেয়ে করা এক আইনজীবীর আবেদন তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বুধবার (২২ জুলাই) আইনজীবী নরেন্দ্র মিশ্র শিক্ষার্থীদের ওপর পুলিশি বলপ্রয়োগের ঘটনায় জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চান। তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনটি গ্রহণে অস্বীকৃতি জানায়।

আবেদনের সময় আইনজীবী বলেন, তার কাছে পুলিশি বলপ্রয়োগের ভিডিও রয়েছে এবং বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য তালিকাভুক্ত করা হলে শিক্ষার্থীদের পক্ষে তা উপস্থাপন করা যাবে।

জবাবে প্রধান বিচারপতি বলেন, ভিডিওতে আমাদের আগ্রহ নেই। ভিডিও দেখার সময়ও নেই। আমরা ভিডিও দেখতে চাই না। এ এ সময় তিনি আরও বলেন, আমাদের এবং আপনাদের সময় নষ্ট করবেন না।

আবেদনে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ জনসমাবেশে দিল্লি পুলিশ মৌলিক অধিকার লঙ্ঘন করেছে এবং আদালতের বাধ্যতামূলক রায়ও মানেনি। এ ঘটনায় সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিদের নিয়ে একটি স্বাধীন বিচারিক তদন্ত কমিটি গঠন এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উপযুক্ত এফআইআর করার নির্দেশনাও চাওয়া হয়।

এদিকে মঙ্গলবার একই ঘটনায় পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ নিয়ে দায়ের করা একটি আবেদন জরুরি ভিত্তিতে শুনানির জন্য তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানায় দিল্লি হাইকোর্ট।

প্রসঙ্গত সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকে হাজার হাজার মানুষ দিল্লির রাজপথে বিক্ষোভে অংশ নেন। সংসদের দিকে মিছিল এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে এবং এতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলমান আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে।