‘দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক তখনই সচল থাকবে যখন তা ‘পারস্পরিক স্বার্থের পরীক্ষায়’ উত্তীর্ণ হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ঢাকা যুক্ত করার পর শনিবার (২২ আগস্ট) এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন।

ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে এক অধিবেশনে তারেক রহমান সরকারের শেখ হাসিনাকে ফেরত চাওয়ার দাবির বিষয়ে জানতে চাওয়া হলে জয়শঙ্কর বিষয়টির বিস্তারিত দ্বিপাক্ষিক আলোচনা এড়িয়ে যান। তবে তিনি জানান, প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ অনুযায়ী কাজ করবে- এমনটা দিল্লি প্রত্যাশা করে না। বরং উভয় পক্ষ যেখানে সাধারণ জায়গায় ঐকমত্যে পৌঁছাতে পারে, সেখানেই দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ হয়।

জয়শঙ্কর বলেন, যেকোনও সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা তাদের জন্যও উপকারী হতে হবে, আমাদের জন্যও হতে হবে। আমি বাস্তববাদী, আমি আশা করি না প্রতিবেশীরা কেবল আমাদের স্বার্থ রক্ষার্থেই কাজ করবে। তারা যেমন আমাদের স্বার্থকে শ্রদ্ধা জানাবে, একইভাবে তাদের স্বার্থকেও আমাদের পর্যাপ্ত ও যৌক্তিকভাবে সম্মান করা উচিত।

উল্লেখ্য ভারত ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য এবং বিমসটেক জোটের চেয়ারম্যান হিসেবে আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

সূত্র: উইয়ন নিউজ