ছেলেকে স্কুলে শাসন করায় দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন বাবা

শিক্ষক তার ছাত্র-ছাত্রীকে শাসন করবেন এটাই স্বাভাবিক। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এক ছাত্রকে শাসন করায় তার বাবা এসে দুই শিক্ষককে বেল্ট খুলে পিটিয়েছেন। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে। আতঙ্কিত শিক্ষকরা এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্কুল সূত্রে বরাত দিয়ে ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একাদশ রেজিস্ট্রেশন চলছিল। আর সেই সময়ে ক্লাসের মধ্যে খুব চিৎকার-চেঁচামেচি করছিল ছাত্ররা। পাশাপাশি অশোভন আচরণ করারও অভিযোগ। তুমুল হট্টগোলের মধ্যেই স্কুলের বাংলার শিক্ষক অরুণ দাস ওই ক্লাসে বসে রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ কাজ করছিলেন।

অরুণ দাস জানান, ছাত্ররা অশোভন আচরণ করায় তিনি দুয়েকজন ছাত্রকে শাসন করেন। এই ঘটনার পরেই এক ছাত্র ফোন করে তার বাবাকে স্কুলে ডেকে আনেন। তিনি প্রধান শিক্ষকের ঘরে আচমকাই ঢুকে পড়েন। এরপর দুয়েকটি কথা বলেই কোমর থেকে বেল্ট খুলে মারতে থাকেন। প্রধান শিক্ষক ঠেকাতে গিয়ে তিনিও বেল্টের বাড়ি খান।

প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মন্ডল জানান, তারা রীতিমতো আতঙ্কিত। স্কুলে ছাত্রদের ন্যূনতম শাসন করতে হয় শৃঙ্খলা রাখার জন্যই। তাতেই দেবব্রত দাস নামে এক ছাত্রের অভিভাবক এসে অরুণ দাসকে বেল্ট দিয়ে মারতে থাকেন এবং তিনি ঠেকাতে গেলে, তাকেও একইভাবে মারা হয়। থানায় অভিযোগ করে বিচার চাইছে স্কুল। থানায় ঘটনার সিসিটিভি ফুটেজও দেওয়া হয়েছে। এই রকম চললে স্কুলে পাঠদান অসম্ভব হয়ে যাবে বলেই মনে করছেন প্রধান শিক্ষক।