ভারতের মহাকাশ গবেষণায় নতুন সাফল্য এসেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট ইওএস-০৫ নিয়ে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে জিএসএলভি রকেট। স্থানীয় সময় ভোর ২টা ৫৫ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পরপরই ইওএস-০৫ স্যাটেলাইটটি নির্ধারিত সাব-জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে সফলভাবে স্থাপন করা হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ইসরোর প্রধান ড. ভি নারায়ণন বলেন, ‘জিএসএলভি-এফ১৭’ সফলভাবে ও নিখুঁতভাবে উন্নত পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট ইওএস-০৫ বা জিও-ইমেজিং স্যাটেলাইটটিকে নির্ধারিত ও প্রয়োজনীয় কক্ষপথে স্থাপন করেছে।
জিএসএলভি-এফ১৫ মিশনের মিশন ডিরেক্টর থমাস কুরিয়ান বলেন, জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও) বা সাব-জিটিও কক্ষপথে জিএসএলভির মাধ্যমে উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলোর মধ্যে ইওএস-০৫ এখন পর্যন্ত সবচেয়ে ভারী।
তিনি বলেন, এই সাফল্য সবার জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। এর মধ্য দিয়ে জিএসএলভির ১৯তম মিশন সফল হয়েছে। মিশনে থাকা ইওএস-০৫ একটি বিশেষভাবে নির্মিত পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট, যা প্রায় তাৎক্ষণিকভাবে ছবি ধারণ করতে সক্ষম। কয়েক মিনিটের একটি উৎক্ষেপণের পেছনে মাস ও বছরের কঠোর পরিশ্রম থাকে।
ইওএস-০৫ স্যাটেলাইটটি পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতা থেকে ভারতকে অব্যাহতভাবে পর্যবেক্ষণের জন্য নকশা করা হয়েছে।
জিএসএলভি-এফ১৭ উৎক্ষেপণযানটির উচ্চতা ৫১ দশমিক ৭ মিটার এবং উৎক্ষেপণের সময় এর ভর ৪২০ দশমিক ৫ টন। এটি ভারতের সবচেয়ে বড় কার্যকর উৎক্ষেপণযানগুলোর একটি।
সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, ভারতের মহাকাশ সক্ষমতা ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এর ফলে বৈশ্বিক মহাকাশ শক্তি হিসেবে ভারতের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।
এক্সে দেওয়া এক পোস্টে জিতেন্দ্র সিং বলেন, ইওএস-০৫ একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট এবং জিওসিনক্রোনাস কক্ষপথ থেকে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট। এটি দৃশ্যমান, ইনফ্রারেড, মাল্টিস্পেকট্রাল ও হাইপারস্পেকট্রাল ব্যান্ডে উন্নত ছবি ধারণ করতে সক্ষম।
এদিকে শুক্রবার ইসরোর প্রধান জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই প্রথম মানুষবিহীন গগনযান মিশন উৎক্ষেপণের জন্য ‘জোরালো ও পরিকল্পিতভাবে’ কাজ চলছে। ইওএস-০৫ উৎক্ষেপণের পর দেওয়া বক্তব্যে তিনি বলেন, মানুষবিহীন এই মিশন উৎক্ষেপণের প্রস্তুতি অত্যন্ত জোরালো ও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে নারায়ণন বলেন, চলতি অর্থবছরে আরও ছয়টি উৎক্ষেপণের লক্ষ্য রয়েছে। এর মধ্যে নেভিগেশন স্যাটেলাইটয এনভি-০৩ উৎক্ষেপণও রয়েছে।