জাহাজে সাধারণ একজন ওয়েটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত ইউর্গেন বাইলম। চার দশকের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পর আজ তিনি ভারতের বিলাসবহুল সামুদ্রিক পর্যটন খাতের শীর্ষ নাম। ‘ওয়াটারওয়েজ লেজার ট্যুরিজম লিমিটেড’-এর সিইও হিসেবে তিনি পরিচালনা করছেন ‘করডেলিয়া ক্রুজ’, যা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ ক্রুজ বাজারের ৯৯ শতাংশ এককভাবে নিয়ন্ত্রণ করছে।
কনটেন্ট ক্রিয়েটর নাভান জয়সওয়ালের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে নিজের এই অবিশ্বাস্য জীবনের গল্প, ভারতের বাজারে সাফল্য এবং ব্যবসা পরিচালনার দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন ইউর্গেন বাইলম।
নিজের ৪০ বছরের দীর্ঘ কর্মজীবন স্মরণ করে বাইলম জানান, হসপিটালিটি সেক্টরে তার প্রথম চাকরিটি ছিল জাহাজের ওয়েটার হিসেবে। কাজের প্রতি ইতিবাচক মানসিকতা ও দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
সাফল্যের মূল চাবিকাঠি সম্পর্কে বাইলম বলেন, আমার প্রধান শক্তি ছিল যেকোনও কাজ সম্পন্ন করার ইতিবাচক মানসিকতা। আমি খুব দ্রুত শিখতে পারতাম এবং বাজার, মানুষ ও সংস্কৃতিকে গভীরভাবে অনুধাবন করতে পেরেছি।
আর্থিক সাফল্য অর্জন নিয়ে নিজের মূল দর্শনের কথা জানাতে গিয়ে বাইলম পরামর্শ দেন, অপ্রয়োজনে অর্থ খরচ করবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—আপনাকে টাকার পেছনে দৌড়াতে হবে না, আপনি যদি জানেন কী করতে হবে, তবে টাকাই আপনার পেছনে দৌড়াবে।
ভারতে বিশাল সামুদ্রিক পর্যটন খাতের আধিপত্য ধরে রেখেছে করডেলিয়া ক্রুজ। বাইলম জানান, বর্তমানে কেবল একটি জাহাজ পরিচালনার মাধ্যমেই তাঁদের ব্যবসা থেকে বছরে প্রায় ৬০০ থেকে ৭০০ কোটি রুপি আয় হচ্ছে এবং পুরো ব্র্যান্ডটির প্রাক্কলিত আর্থিক মূল্য প্রায় ৮ হাজার কোটি রুপি।
অস্ট্রিয়ায় জন্ম হলেও ভারতের বিশাল উপকূলরেখাকে কেন্দ্র করে একটি বিশ্বমানের ক্রুজ লাইন গড়ে তোলার অসীম সম্ভাবনা দেখতে পেয়েছিলেন তিনি। বাইলমের ভাষায়, ভারত একটি অত্যন্ত সুন্দর দেশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম উপকূলরেখা থাকা একটি দেশে ক্রুজ ব্যবসা সফল হওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস