‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি

রান্নায় রসুনের গুরুত্ব অপরিসীম- চাটনি থেকে শুরু করে ফোড়ন বা মশলার পেস্টে রসুনের ব্যবহার খাবারকে করে তোলে সুস্বাদু। তবে পুরো ভারতে রসুনের কদর থাকলেও মধ্যপ্রদেশের একটি শহর এই সবজি উৎপাদন ও বাণিজ্যের ক্ষেত্রে একেবারে সামনের সারিতে রয়েছে। আর এই কারণেই ভারতের ‘গার্লিক সিটি’ বা রসুনের শহর হিসেবে পরিচিত মধ্যপ্রদেশের মান্দসৌর শহরটি।

মধ্যপ্রদেশ সরকারের ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’কর্মসূচির অধীনে মান্দসৌর জেলার প্রধান ফসল হলো রসুন। এখানকার কৃষকদের আয়ের অন্যতম বড় উৎস এই রসুনের চাষ। এর তীব্র স্বাদ, ভালো মানের কোয়া এবং দীর্ঘ সময় সংরক্ষাণযোগ্যতার কারণে মান্দসৌর জেলার উৎপাদিত রসুনের খ্যাতি রয়েছে দেশজুড়ে।

কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মান্দসৌর রসুনের রয়েছে নিজস্ব কিছু বৈচিত্র্যময় বৈশিষ্ট্য। এখানকার রসুনে রয়েছে জোরালো সুবাস এবং উচ্চ মাত্রার তেল। স্থানীয় আবহাওয়া ও মাটি রসুনের চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার কিছু স্থানীয় জাত দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, যা কৃষক ও ব্যবসায়ী উভয় মহলেই বেশ জনপ্রিয়।

শুধু কাঁচা রসুন বিক্রি নয়, মান্দসৌর রসুনের বহুমুখী ব্যবহার এর বাণিজ্যিক মূল্য আরও বাড়িয়ে দিয়েছে। এই রসুন দিয়ে তৈরি হয় গার্লিক পাউডার, গার্লিক অয়েল, পেস্ট, আচার এবং ডিহাইড্রেটেড ফ্লেকস। বিভিন্ন বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকায় মান্দসৌর রসুন ব্যবসায়িক দিক থেকেও অত্যন্ত লাভজনক। বছরের পর বছর ধরে চাষাবাদের হাত ধরে রসুনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মান্দসৌর জেলার নাম, যা একে এনে দিয়েছে ভারতের গার্লিক সিটির খ্যাতি।

সূত্র: এনডিটিভি