‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক

দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের শিলিগুড়িজুড়ে হিন্দু মালিকানাধীন দোকান থেকে মাংস ও বিরিয়ানি কেনার আহ্বান জানিয়ে পোস্টার দেখা গেছে। ধর্মীয় পরিচয়, খাদ্যাভ্যাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

স্থানীয় হিন্দু সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ এসব পোস্টার লাগিয়েছে। শহরের একাধিক জায়গায় এগুলো দেখা গেছে। এর মধ্যে রয়েছে ভারত নগরে তরুণ তীর্থ ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণের চারপাশের দেয়াল। জায়গাটি বিশেষভাবে চোখে পড়ার মতো, কারণ ক্লাবের পূজামণ্ডপ রাজ্যের পর্যটনমন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের বাসভবনের কাছে।

একটি পোস্টারে লেখা, হিন্দুদের দোকান থেকে মাংস কিনুন। আরেকটিতে বলা হয়েছে, বিরিয়ানি খাওয়ায় কোনও নিষেধাজ্ঞা নেই। বিরিয়ানি খান, তবে হিন্দুর দোকান থেকে কিনুন।

উৎসবের শুরুতে পূজামণ্ডপের বাইরে টাঙানো এই পোস্টার বাসিন্দা ও পথচারীদের নজর কেড়েছে। অনেকে থেমে বার্তাগুলো পড়ছেন। বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের সঙ্গে ঐতিহ্যগতভাবে জড়িত উৎসবের সময় ক্রেতাদের পছন্দ প্রভাবিত করতে ধর্মীয় পরিচয় ব্যবহারের বিষয়ে এই প্রচারণা প্রশ্নও তুলেছে।

সূত্র: এনডিটিভি