ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে যাওয়ার পথে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় কর্মসূচিটি হওয়ার কথা ছিল।
পুলিশের এক কর্মকর্তা দিপকেকে জানান, ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী বিধিনিষেধ কার্যকর রয়েছে। এ কারণে তাকে আটক করা হচ্ছে। এর আগে, যানজট, জননিরাপত্তা এবং ব্যবসায়ী ও যাতায়াতকারীদের ভোগান্তির আশঙ্কা জানিয়ে প্রস্তাবিত সমাবেশ বাতিল করতে দিপকেকে অনুরোধ করেছিল দিল্লি পুলিশ। একই সঙ্গে কার্যকর বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়ে তাকে নোটিশও দেওয়া হয়।
বার্তা সংস্থা এএনআইকে নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) শচীন শর্মা জানান, দিল্লি পুলিশ আইনের আওতায় দিপকেকে নোটিশ দেওয়া হয়েছে। জেলার জারি করা বিধিনিষেধ মেনে চলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। শর্মা বলেন, নয়াদিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর রয়েছে। এ ধারার অধীনে জারি করা বিধিনিষেধ সবাইকে মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, উৎসবের মৌসুমে ব্যস্ত বাণিজ্যিক এলাকা কনট প্লেসে সমাবেশের সম্ভাব্য প্রভাব সম্পর্কে দিপকেকে জানানো হয়েছে। আইন মেনে চলা এবং সাধারণ মানুষের ভোগান্তি এড়ানোই এ পদক্ষেপের উদ্দেশ্য।
কনট প্লেসে বাড়তি নিরাপত্তা
সিজেপির প্রস্তাবিত কর্মসূচিকে কেন্দ্র করে কনট প্লেসে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। সেন্ট্রাল পার্কের এক নম্বর প্রবেশপথের কাছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অন্যদিকে, পালিকা বাজারের দুই নম্বর প্রবেশপথের কাছে অবস্থান নেন সশস্ত্র এসএসবি সদস্যরা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেছে দিল্লি পুলিশ। পোস্টে বলা হয়, ত্রিবর্ণ পতাকা সর্বোচ্চ সম্মানের দাবিদার। কথার পাশাপাশি কাজের মাধ্যমেও দেশপ্রেম প্রকাশের আহ্বান জানায় পুলিশ। পোস্টে লেখা হয়, পতাকাকে সম্মান করুন, গৌরব অটুট রাখুন।
সূত্র: উইয়ন নিউজ