গোয়ালিয়রে মন্দিরের দেয়ালে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চাপা পড়ে নিহত ১৩ পুণ্যার্থী

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পুলিশের ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের ওপর উঠে গেছে ধানবোঝাই একটি ট্রাক। এতে অন্তত ১৩ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) ভোরে চিনোর সড়কে অবস্থিত শীতলা মাতা মন্দিরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ভোর দেড়টার দিকে চিনোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। খাড়া ঢাল থাকায় ওই সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ। সেখানে ট্রাকটি থামানো হয়েছিল। কিন্তু সেটি পুলিশি ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে নিচে নেমে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়। এ সময় সড়ক দিয়ে হেঁটে যাওয়া পুণ্যার্থীরা ট্রাকটির নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাড় ভেঙে গেছে। বাকিরা সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলে দায়িত্বরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ধর্মবীর সিং এএনআইকে জানান, নবরাত্রি উপলক্ষে চিনোর সড়কে ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং পুলিশের চেকপয়েন্ট ও ব্যারিকেড থাকা সত্ত্বেও ধানবোঝাই ট্রাকটি তা ভেঙে প্রবেশ করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে ট্রাকটি ব্যারিকেড পার হলো এবং এর পেছনে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও) টিম কাজ করছে।

গোয়ালিয়রের জেলা কালেক্টর রুচিকা চৌহান বলেন, ভোর দেড়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। চিনোরের দিক থেকে মন্দিরের দিকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমাগত বাঁ দিকে সরে যাচ্ছিল বলে খবর পাওয়া যায়। এরপরই অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের একজন এএনআইকে জানান, ট্রাকটি হঠাৎ ওই এলাকায় ঢুকে পড়ে মানুষ ও দোকানের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ‘ঘটনাটি রাত ১টার দিকে ঘটে। আমি কয়েকজনকে ঘটনাস্থলেই মারা যেতে দেখেছি। ট্রাকটিতে অতিরিক্ত মাল বোঝাই ছিল। এটি হঠাৎ এসে কয়েকটি দোকান ও মানুষের ওপর দিয়ে চলে যায়’। দুর্ঘটনায় তার ভাইও আহত হয়েছেন জানিয়েছেন সেই প্রত্যক্ষদর্শী।