বেঙ্গালুরুতে মেট্রোয় নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক

বেঙ্গালুরু মেট্রোয় এক ব্যক্তি গোপনে তার ভিডিও করছিলেন বলে অভিযোগ করেছেন এক নারী। ঘটনার পর তার করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর নিয়েছে।

ইনস্টাগ্রামে নিজেকে সৌপিকা পরিচয় দেওয়া ওই নারী ঘটনার বর্ণনা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে মেট্রো ট্রেনে ঘটনাটি ঘটে। ভিডিওতে তাকে বিচলিত অবস্থায় দেখা যায়। তিনি অভিযোগ করেন, সহযাত্রী একজন গোপনে তার ভিডিও করছিলেন।

ভিডিওর শুরুতেই তিনি বলেন, আমি এখন সত্যিই ভয়ে কাঁপছি। মেট্রোয় আমাকে ভিডিও রেকর্ড করার সময় এক ব্যক্তিকে আমি হাতেনাতে ধরেছি। ঘটনার সময় তিনি কী পরে ছিলেন, তা-ও ভিডিওতে দেখান। তিনি বলেন, শরীর পুরোপুরি ঢাকা পোশাক পরে থাকার পরও এমন ঘটনা ঘটেছে। শরীরের কোনও অংশ দেখা যাচ্ছিল না, বলেন তিনি। তার পোশাক যে এর কারণ নয়, সে কথাও জোর দিয়ে বলেন।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তির মুখোমুখি হয়েছেন ওই নারী। তার ফোন হাতে নিয়ে তিনি বারবার জিজ্ঞেস করছেন, আমাকে রেকর্ড করছিলেন কেন?, এক পর্যায়ে তিনি ফোন আনলক করতে বলেন। ব্যক্তিটি জবাব দেন, আমি খুলব। দিন। মুখোমুখি হওয়ার সময় ফুটেজে মেট্রোর নিরাপত্তাকর্মীদেরও দেখা যায়।

ভিডিওতে ওই নারী বলেন, আমি তার ফোন ধরেছিলাম, কিন্তু স্টপ আসতেই তিনি মেট্রো থেকে নেমে দৌড় দেন। ফোনটি নিরাপত্তাকর্মীর হাতে দিয়েছিলাম, কিন্তু তিনি ছিনিয়ে নিয়ে পালান। বেঙ্গালুরুর মানুষের কাছে অনুরোধ, এই ব্যক্তিকে খুঁজে বের করুন, তার কোম্পানি ও পরিবারকে খুঁজে বের করুন। মেট্রো স্টেশনে আমি আনুষ্ঠানিক অভিযোগ করেছি। তারা বলেছে, ৭ দিনের মধ্যে ফলোআপ করবে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মেট্রোর লিফটেও দুজনের কথোপকথন চলতে থাকে বলে ভিডিওতে দেখা যায়। নারীটি ব্যক্তিকে বলেন, আমি এটা সামাজিক মাধ্যমে পোস্ট করব। ব্যক্তিটি বলেন, আমি দুঃখিত। নারী জানতে চান, আপনি দুঃখিত? তার মানে আপনি স্বীকার করছেন যে আমাকে রেকর্ড করেছেন? ব্যক্তিটি উত্তর দেন, না। নারী বলেন, তাই নাকি? আমি আপনাকে ধরেছি। আপনি যেন শাস্তি পান, আমি তা নিশ্চিত করব। পরে নারী আবারও ফোন আনলক করে পাসওয়ার্ড দিতে বলেন। তবে ফুটেজে দেখা যায়, ব্যক্তিটি ফোন ফিরিয়ে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন, আর নারী তখনও ফোন খুলতে বলে যাচ্ছেন।

অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে ওই নারীর সঙ্গে যোগাযোগ করে বেঙ্গালুরু সিটি পুলিশ। পুলিশ লেখে, অনুগ্রহ করে ঘটনাস্থলের সুনির্দিষ্ট অবস্থান জানান এবং আপনার যোগাযোগের নম্বর ডিএম করুন। পরে পুলিশ হালনাগাদ তথ্য জানিয়ে লেখে, এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

পরবর্তী এক ভিডিওতে ওই নারী জানান, তিনি কাদুগোড়ি থানায় গিয়েছিলেন এবং কর্মকর্তারা তার অভিযোগের ভিত্তিতে এফআইআর নিয়েছেন। তিনি বলেন, আমি এইমাত্র কাদুগোড়ি থানা থেকে বের হলাম। তারা খুব সহযোগিতা করেছেন। এফআইআর নিয়েছেন। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, যত দ্রুত সম্ভব বিষয়টি দেখা হবে। তারা সঙ্গে সঙ্গে মামলা নিয়ে এফআইআর করেছেন।

তিনি আরও দাবি করেন, সন্দেহভাজনকে শনাক্ত করার ক্ষেত্রে তদন্তকারীরা অগ্রগতি করেছেন। তিনি বলেন, ভিডিওর ওই ব্যক্তির মতো দেখতে কয়েকজনকে তারা শনাক্ত করেছেন। শতভাগ শনাক্ত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি