পাঞ্জাবে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে গাড়ির ধাক্কা, গায়ক হানি সিংয়ের ভাতিজাসহ নিহত ২

ভারতের পাঞ্জাবের জলন্ধরে একটি জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। নিহতদের একজন বিদিত ওলক, যিনি জনপ্রিয় সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংয়ের ভাতিজা এবং পাঞ্জাবি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্পিড রেকর্ডস’-এর মালিক দিনেশের ছেলে। দুর্ঘটনায় প্রাণ হারানো অপর তরুণ হলেন আরভ তলওয়ার, যিনি বিখ্যাত ‘পাপ্পি সুইটস’-এর মালিকের ছেলে।

রবিবার (১ নভেম্বর) ভোরে পুলিশ লাইনস এলাকার একটি ফ্লাইওভারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বন্ধুদের একটি জন্মদিনের পার্টি শেষ করে ভক্সওয়াগন গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মিউনিসিপ্যাল করপোরেশনের ট্রাক্টর-ট্রলিতে সজোরে ধাক্কা দেয় তাদের গাড়িটি।

বারাদারি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সাহিল চৌধুরী জানান, রাত প্রায় ৩টার দিকে পুলিশ এই দুর্ঘটনার খবর পায়।

তিনি আরও জানান, ওই সময়ে মিউনিসিপ্যাল করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ফ্লাইওভার পরিষ্কার করছিলেন এবং ময়লা সংগ্রহের জন্য রাস্তা দিয়ে ট্রাক্টর-ট্রলিটি দাঁড় করিয়ে রেখেছিলেন। ভক্সওয়াগন গাড়িটি বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বাহনটিতে গিয়ে আঘাত হানে।

এসএইচও জানান, দুর্ঘটনার আগে ভক্সওয়াগন গাড়িটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন। বিদিত ওলক এবং আরভ তলওয়ার নিহত হলেও বাকি তিনজন আগেই নিজ নিজ বাড়ি ফিরে যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি হেফাজতে নেয়। নিহতদের পরিবার থেকে পরবর্তীতে কোনও আইনি পদক্ষেপ নিতে না চাওয়ায় পুলিশ মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

ঘটনার পর জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে