মোদি সরকারের বিদায় কবে, জানালেন ককরোচ প্রধান

ভারতের ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতাচ্যুত হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারে পরিবর্তনের জন্য মানুষকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার কেরালার কোচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন দিপকে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

দিপকে বলেন, নির্বাচনের মাধ্যমেই কেবল সরকার পরিবর্তন সম্ভব। একই সঙ্গে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনি ব্যবস্থার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

সিজেপির ‘যন্তর মন্তর অ্যাট কোচি’ প্রচারণার অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে এনডিএ সরকারের বিরুদ্ধে দেশের তরুণদের সঙ্গে যুদ্ধ চালানোর অভিযোগ তোলেন দিপকে। প্রধান নির্বাচন কমিশনারকে সুরক্ষা দিতে সরকার এমনটা করছে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ কেন?

জাতীয় পতাকা হাতে নিয়ে দিল্লির যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে নিজের গ্রেফতারের প্রসঙ্গও তুলে ধরেন অভিজিৎ দিপকে। তিনি বলেন, যেখানেই যাবেন, জাতীয় পতাকা সঙ্গে রাখবেন।

দিপকে বলেন, ‘এই ত্রিবর্ণ পতাকা তুলে ধরার জন্য আমাকে কারাগারে পাঠানো হয়েছিল। আমার দুই ভাই সৌরভ ও আশুকেও একই কারণে কারাগারে পাঠানো হয়। ভারতে এমন ঘটনা সর্বশেষ ঘটেছিলো ব্রিটিশ শাসনামলে’।

সূত্র: ইন্ডিয়া টুডে