দীপাবলি উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে উৎসব উদ্যাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেওয়া হবে না। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
ইছামতিতে বিএসএফের স্পিডবোটে চেপে এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘বাংলাদেশিরা ওত পেতে আছে। ফাঁকা পেলেই ভারতে হু-হু করে ঢুকে পড়বে’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দেখানো পথে’ উৎসবের দিনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সময় কাটিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, দেশের সীমান্ত রক্ষায় ‘অসামান্য কাজের’ স্বীকৃতি হিসেবে বিএসএফ, এসএসবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের নিয়ে আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ প্রদান অনুষ্ঠান শুরু হবে।
রবিবার দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে নেমে সড়কপথে প্রথমে বিএসএফ ক্যাম্পে যান মুখ্যমন্ত্রী। জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি তিনি ইছামতির তীরে কাঁটাতারের বেড়া নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করেন। এরপর হিঙ্গলগঞ্জ থানায় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রীর সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্যাপনের এটিই প্রথম ঘটনা। পরে তিনি হিঙ্গলগঞ্জ থানার কালীপুজোরও উদ্বোধন করেন।
সূত্র: আনন্দবাজার