প্রেমিকাকে নিয়ে বাবা-মায়ের প্রথম দেখার রেস্তোরাঁয় রাহুল, জানালেন অভিজ্ঞতা

মা সোনিয়া গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রথম দেখা হয়েছিল যুক্তরাজ্যের কেমব্রিজের একটি রেস্তোরাঁয়। বাবা-মায়ের সেই স্মৃতিবিজড়িত জায়গায় একসময় নিজের প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তবে রেস্তোরাঁটির খাবার তাকে হতাশ করেছে।

সোমবার সোনিয়া গান্ধীর স্মৃতিকথা বিলংগিং: আ জার্নি অব লাভ প্রকাশনা অনুষ্ঠানে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন রাহুল। তিনি জানান, বাবা-মায়ের প্রথম দেখা হওয়ার গল্প বহুবার শুনেছিলেন। তাই কেমব্রিজে থাকার সময় একদিন প্রেমিকাকে নিয়ে ওই রেস্তোরাঁয় যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে কেন সেখানে যাচ্ছেন, তা শুরুতে প্রেমিকাকে জানাননি।

রেস্তোরাঁটির নাম ভার্সিটি রেস্তোরাঁ। সেখানে ঢোকার সময় হলুদ রঙের দরজাটির কথা এখনও মনে আছে রাহুলের। প্রবেশপথে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে তিনি জানান, তার বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল এই রেস্তোরাঁয়। ওই ব্যক্তি তাদের চিনতে পেরেছেন বলে জানান।

রাহুল বলেন, ওই ব্যক্তির কাছে ভালো খাবারের পরামর্শ চাইলে তিনি চিকেন শাসার খেতে বলেন। তার পরামর্শ মেনে প্রেমিকাসহ দুজনই খাবারটি অর্ডার করেন। কিন্তু খাবার পরিবেশনের পর হতাশ হন তারা। হাস্যরসের ছলে তিনি বলেন, কেউ প্রেমে পড়তে চাইলে ভার্সিটি রেস্তোরাঁয় যেতে পারেন, তবে সেখানে কখনও চিকেন শাসার খাবেন না। তার ভাষায়, ‘খাবারটা জঘন্য’।

রাহুল বলেন, তার বাবা-মায়ের স্মৃতিতে রেস্তোরাঁটির খাবার ছিল অসাধারণ। কিন্তু তার নিজের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা রাহুলের কাছে তার সেই প্রেমিকার বিষয়ে জানতে চান। জবাবে লোকসভার বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনি আমার একজন বন্ধু’।

সূত্র: ইন্ডিয়া টুডে