নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটকে বুঁদ ভারতীয়রা

ভারতে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক সম্প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’ নিয়ে মেতে উঠেছেন ভারতীয় দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির দৃশ্য নিয়ে আলোচনা, আর বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে দলবদ্ধ প্রদর্শনী।

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে নাটকটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। ৪৫ জনের জন্য ব্যক্তিগত পরিসরে আয়োজন করা হলেও এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি। নাটকটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে এর দৃশ্য বিনিময়, পর্ব নিয়ে আলোচনা এবং প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় দর্শকরা। বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে দলবদ্ধ প্রদর্শনীও। তবে পুলিশের নজরদারিতে বেঙ্গালুরুতে আসন্ন সপ্তাহান্তে নাটকটির অন্তত দুটি প্রদর্শনী বাতিল করা হয়েছে।

নাটকটির জনপ্রিয়তা বোঝাতে ভক্তদের মধ্যে একটি বাক্য বেশ ছড়িয়ে পড়েছে- ‘আমরা ধৈর্যের ফল চাই না, আবু বকরকে চাই।’ নাটকটির এক ভক্ত রক্ষন্দা মুজিব বলেন, আবু বকরের সহানুভূতিশীল আচরণ তাকে মুগ্ধ করেছে। তার মতে, বর্তমান সময়ে অধিকাংশ পুরুষের মধ্যে এমন গুণের অভাব রয়েছে।

এদিকে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করে ভারত। চলতি সপ্তাহে নেটফ্লিক্সকেও ভারতে প্রদর্শনের জন্য পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটি সরিয়ে নিতে বলেছে দেশটি। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয়রা। পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়েছিল। ওই দিনই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পাকিস্তানি টেলিভিশন নেটওয়ার্ক এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজার দাবি, তাদের মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। তার ভাষায়, কনটেন্ট দেখা কঠিন করা যায়, কিন্তু পুরোপুরি বন্ধ করা যায় না।

ভারতে কেন এত জনপ্রিয় পাকিস্তানি নাটক?

ভারত ও পাকিস্তানের সাংস্কৃতিক মিলের কারণে পাকিস্তানি নাটকের গল্প ও চরিত্র ভারতীয় দর্শকদের কাছে সহজেই গ্রহণযোগ্য হয়ে উঠছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পাকিস্তানের বিনোদনশিল্পের নির্মাণমানও উন্নত হয়েছে।

জেরজিস সেজার বলেন, পাকিস্তানি নাটকের গল্প এখন বাস্তবধর্মী, চিন্তাশীল ও দর্শকের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে সাংস্কৃতিক আয়োজক সুফিয়ান খানের মতে, ভারতীয় চলচ্চিত্র ও নাটকে মুসলিম চরিত্রকে প্রায়ই গতানুগতিকভাবে উপস্থাপন করা হয়। এর বিপরীতে ‘দার-এ-নিজাত’-এ ইসলামকে সহনশীল ও অন্তর্ভুক্তিমূলকভাবে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের আকৃষ্ট করছে।

পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা খুব কমই কার্যকর হয়। প্রযুক্তির পরিবর্তনে সীমান্ত ও নিষেধাজ্ঞার কার্যকারিতা কমে যাচ্ছে। তার ভাষায়, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি সব সময়ই বড় ধরনের সংযোগের ভূমিকা রেখেছে। ‘দার-এ-নিজাত’-এর জনপ্রিয়তা সেই ধারাবাহিকতারই প্রমাণ।

সূত্র: আল জাজিরা