ভারতের দিল্লির একটি বাড়িতে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন। রবিবার (২৯ নভেম্বর) ভোরে শহরের শাহদারা জেলার বিশ্বাস নগর এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ইউনিটি মলের কাছে গলি নম্বর ১১-তে একটি বাড়ির পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। দিল্লি ফায়ার সার্ভিসের কাছে ভোর ৪টা ১৩ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে তিনটি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। এর মধ্যে ছিল একটি পানিবাহী গাড়ি, একটি ওয়াটার বাউজার ও একটি কুইক রেসপন্স ভেহিকল (কিউআরভি)।
ভবনের নিচতলায় আগুন লাগে, যেখানে একটি ই-রিকশা বা অটোরিকশা চার্জিং স্টেশন চালু ছিল। প্রায় ৬০ বর্গগজ জায়গাজুড়ে বাড়িটি বিস্তৃত। ভবনটির ওপরের তলায় আটকে পড়া ছয়জনকে উদ্ধার করে হেগদেওয়ার হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।
শাহদারা জেলার উপকমিশনার অব পুলিশ (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন, থানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্বাস নগরের ১১ নম্বর গলিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে।
তিনি জানান, হাসপাতালে ভর্তি দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রথম তলায় ঘুমিয়ে থাকা ব্যক্তিরাই আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।