উড্ডয়নের কিছুক্ষণ পরই জাপানের বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপান সাগরে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। মনে করা হচ্ছে তিনি ওই বিমানটির ক্রু সদস্য। তাকে উদ্ধারের তৎপরতা জোরালো করা হয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের একটি এফ-১৫ বিমান ইশিকাওয়া ঘাঁটি থেকে উড্ডয়নের পরই নিখোঁজ হয়ে যায়। স্থানীয় সময় বিকেল পাঁচটা ৩০ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। সম্ভবত ওই সময় বিমানটি কোমাতসু ঘাঁটি থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিম সাগরে অবস্থান করছিল।
বিমানটি ক্রু সদস্য বলে ধারণা করা এক ব্যক্তিকে জাপান সাগরে শনাক্তের পর উদ্ধার অভিযান জোরালো করা হয়েছে। জাপানের এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি দুই ক্রু সদস্য ধারণে সক্ষম। তবে উড্ডয়নের সময় এতে কতোজন ছিলেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।
জাপানের বিমানবাহিনীতে খুব সামান্য দুর্ঘটনা দেখা যায়। ২০১৯ সালে একটি এফ-৩৫ স্টিলথ বিমান সাগরে বিধ্বস্ত হয়। পাইলট দিকভ্রান্ত হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
সূত্র: জাপান টাইমস