উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং চীনের অত্যাধুনিক সামরিক অস্ত্রাগারের দ্রুত সম্প্রসারণের প্রেক্ষাপটে জাপানের টোকিও স্টেশন সংলগ্ন ভূগর্ভস্থ পার্কিং স্পেসে একটি মিসাইল শেল্টার নির্মাণের পরিকল্পনা উন্মোচন করেছে টোকিও মেট্রোপলিটন সরকার।
টোকিওর গভর্নর ইউরিকো কোইকে জানিয়েছেন, টোকিও স্টেশন থেকে বিস্তৃত ইয়েসু দোরি অ্যাভিনিউ-এর নিচের এই পার্কিং গ্যারেজটি মানুষকে সুরক্ষার দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে।
কোইকে বলেন, রাজধানীর প্রবেশদ্বার টোকিও স্টেশনের কাছে হওয়ায় এবং এখানে খোলা জায়গায় প্রচুর মানুষের সমাগম ঘটে বলে এই এলাকাটি বেছে নেওয়া হয়েছে। আর সংস্কার কাজের পর এই সুবিধাটি সুরক্ষার জন্য বেশ কার্যকর হবে বলেই আমরা এটিকে নির্বাচন করেছি।
ইয়েসু-দোরি অ্যাভিনিউয়ের নিচে প্রথম ও দ্বিতীয় ভূগর্ভস্থ তলায় অবস্থিত এই পার্কিং স্থানটির মোট আয়তন প্রায় ১৩ হাজার বর্গমিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে সৃষ্ট বিস্ফোরণের তীব্র তরঙ্গ, উড়ন্ত ধ্বংসাবশেষ এবং ভবন ধসে পড়ার বিষয়গুলো বিবেচনায় রেখে ভেতরে থাকা মানুষকে সুরক্ষিত রাখতে বিশেষ ধরনের দরজার ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করা হবে বলে জানান কোইকে।
টোকিও গভর্নর জানান, এই অর্থবছরেই সংস্কার কাজের জন্য বিস্তারিত জরিপ শুরু হবে। সুরক্ষার জন্য আরও শক্তিশালী শেল্টারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে গিয়ে তিনি উত্তর কোরিয়া কর্তৃক সম্প্রতি নিক্ষিপ্ত একটি সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ টেনে আনেন।
কোইকে বলেন, উত্তর কোরিয়ার এই ঘন ঘন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাপানের শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুতর ও চরম হুমকি স্বরূপ। টোকিওবাসীদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে আমার প্রশাসন যা কিছু সম্ভব তা করে যাবে।
উত্তর কোরিয়া ইতোপূর্বে জাপানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণের মহড়া চালিয়েছে। টোকিও পাতাল রেলের আজাবু-জুবান স্টেশনের সঙ্গে সংযুক্ত একটি দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী সংরক্ষণাগারকে শেল্টারে রূপান্তরের পর এটি হতে যাচ্ছে জাপানের রাজধানী টোকিওতে দ্বিতীয় মিসাইল শেল্টার।
সূত্র: উইয়ন নিউজ