কলম্বিয়া সরকার অবৈধ সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলা থেকে দেশকে সুরক্ষিত রাখতে প্রায় ১.৭ বিলিয়ন ডলার ব্যয়ে একটি উচ্চাকাঙ্ক্ষী অ্যান্টি-ড্রোন শিল্ড প্রকল্প চালু করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এক ভিডিও বার্তায় এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, কলম্বিয়ান সরকার আমাদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে একটি সাহসী ও উদ্ভাবনী কৌশলের পথে এগোচ্ছে। এই প্রকল্পের প্রথম ধাপের জন্য সরকার ইতিমধ্যেই ২৭১.১ মিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছে।
রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, ছয় দশকেরও বেশি সময় ধরে চলা অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে কলম্বিয়ায় এ পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই সংঘাতে সামরিক ও পুলিশ বাহিনী, বামপন্থি গেরিলা সংগঠন, সাবেক ডানপন্থি প্যারামিলিটারিদের অপরাধী চক্র এবং মাদক কার্টেল সক্রিয়ভাবে জড়িত রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে ২৬৪টি বিস্ফোরক বহনকারী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার বেশিরভাগই ঘন জঙ্গল ও পার্বত্য এলাকায় সংঘটিত হয়েছে, মূলত যেখানে কোকা পাতা চাষ হয়, যা কোকেন উৎপাদনের প্রধান উপাদান।
এই হামলাগুলোর জন্য মূলত ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং বিলুপ্ত ফার্ক গেরিলার ভিন্নমতাবলম্বী অংশগুলোর দায়ী করা হয়েছে। এ সময় ১৫ জন সেনা নিহত এবং ১৫৩ জন আহত হয়েছেন।
শুক্রবার রাজধানী বোগোটায় এই প্রকল্পে আগ্রহী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।