রয়টার্সের এক প্রতিনিধি স্থানীয় হাসান শামি গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোট সেনাদের উপস্থিতি দেখেছেন। তাদের সেনারা ছবি তুলতে নিষেধ করেন। তিনি জানিয়েছেন, জোট সেনারা ইংরেজি ভাষায় কথা বললেও তাদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রয়টার্সের খবরে বলা হয়েছিল, এসব সেনা যুক্তরাষ্ট্রের কিন্তু আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি।
সম্মুখ যুদ্ধে পদাতিক সেনা মোতায়েন বিষয়ে বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কর্নেল স্টিভ ওয়ারেন জানান, যুক্তরাষ্ট্র ও জোট সেনারা কুর্দিদে পরামর্শ ও অভিযানে সহযোগিতা করছে।
রয়টার্স প্রতিনিধি যেসব জোট সেনাদের দেখেছেন তারা কোন দেশের নাগরিক তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এদিকে, ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা ফালুজা শহর পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফালুজার নিকটবর্তী কারমা শহরটি এখন ইরাকি বাহিনীর দখলে।
কারমা শহরে অবস্থান করা বিবিসি-র প্রতিনিধি জিম মুইর জানিয়েছেন, ইরাকি বাহিনী ফালুজা দখলে বিশাল সেনা সমাবেশ ঘটিয়েছে। উত্তর ফালুজায় আইএস-এর আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছেন। এর বিপরীতে দক্ষিণ ফালুজায় হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে ইরাকি বাহিনী। কারমা শহরটি এখন সম্পূর্ণভাবে ইরাকি বাহিনীর দখলে রয়েছে বলে জিম মুইর জানিয়েছেন।
ওয়াশিংটন জানিয়েছে, ফালুজার আইএস কমান্ডার মাহের আল-বিলাওয়িসহ বেশ কয়েকজন আইএস সদস্য মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত হওয়ার পরই ইরাকি বাহিনী ফালুজা দখলে অভিযান শুরু করেছে।
অপরদিকে, সিরিয়ার উত্তরাঞ্চলে জাতিসংঘ সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন জোটের নিয়ন্ত্রণে থাকা একটি অঞ্চলে অ-জিহাদী যুদ্ধাদের বিরুদ্ধে ইসলামিক স্টেট গোষ্ঠীর অভিযানের কারণে হাজার হাজার বেসামরিক নাগরিক বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। রবিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।
আলেপ্পো প্রদেশের পূর্বাঞ্চলে অ-জিহাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা মারেরা ও আজাজ ভু-খণ্ডের দিকে অভিযানের ফলে আইএস’র কুর্দিদের আফরিন ছিটমহলের দ্বারপ্রান্তে চলে আসার আশঙ্কা দেখা দিয়েছে।
অবজারভেটরি জানায়, শুক্রবার সকালে আইএস অভিযান শুরু করার পর থেকে অন্তত ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ৬ হাজারের বেশি বেসামরিক নাগরিক আলেপ্পো প্রদেশের গ্রামাঞ্চলের দিকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। এরা প্রধানত মারেরা শহর ও শেখ ইসা গ্রাম থেকে পালিয়ে আসে। সূত্র: বিবিসি, আল-জাজিরা, রয়টার্স।
আরও পড়ুন:
- বদলে যেতে পারে মানব সভ্যতার ইতিহাস!
- সংকটের মুখে ‘যৌনদাসী’দের বিক্রি করছে আইএস, চলছে অনলাইন প্রচারণা
- জাপানের মার্কিন ঘাঁটিতে কারফিউ, মদ্যপান নিষিদ্ধ
/এএ/