মার্কিন কনস্যুলেটের আরেক কর্মীর বিরুদ্ধে পরোয়ানা জারি তুরস্কের

মাত্র এক সপ্তাহের মধ্যে মার্কিন কনস্যুলেটের দ্বিতীয় কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_98237384_mediaitem98237381

তুরস্কের বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের খবরে মার্কিন কনস্যুলেটের দ্বিতীয় কর্মীকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের কর্মকর্তারা পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করেননি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন কনস্যুলেটের এক কর্মীকে খুঁজছেন প্রসিকিউটররা। ওই ব্যক্তির কূটনৈতিক দায়মুক্তি নেই।

আনাদোলু’র খবরে বলা হয়েছে, ওই দ্বিতীয় ব্যক্তির স্ত্রী সন্তানকে আটক করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইস্তাম্বুলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে গ্রেফতার করে তুরস্ক। তার বিরুদ্ধে অভিযোগ গত বছর ব্যর্থ সামরিক অভ্যূত্থানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে এই অভিযোগের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা জানায় এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই পদক্ষেপে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটছে।

আটকের এই ঘটনার পর আঙ্কারায় মার্কিন মিশন থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্র তুর্কি সরকারের দেওয়া প্রতিশ্রুতির ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। আর এই সময়ে আমরা তুরস্কে সব দূতাবাসেই ভিসা সুবিধা দেওয়া স্থগিত রেখেছি।’ যুক্তরাষ্ট্রে তুর্কি দূতাবাসও একই পথে হেঁটেছে। একইরকম বিবৃতি দিয়ে ভিসা সুবিধা বাতিল করেছে তারাও।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সিদ্ধান্তকে হতাশাজনক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, তুর্কি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নিয়ে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। সূত্র: বিবিসি।